চিতা বিড়াল ও রেসাস বানর উদ্ধার

রাজশাহী বিভাগীয় বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ একটি চিতা বিড়াল ও একটি রেসাস বানর উদ্ধার করেছে।আজ রোববার বন বিভাগ কর্তৃপক্ষ প্রাণী দুটি উদ্ধারের খবর নিশ্চিত করেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বাঘহাসনা গ্রামের লোকজন চিতা বিড়ালটিকে ধরে একটি বাড়িতে আটকে রেখেছিলেন। খবর পেয়ে ওই দিনই বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে বিড়ালটিকে উদ্ধার করে।

উদ্ধার করা চিতা বিড়ালটির দৈর্ঘ্য লেজসহ তিন ফুট, উচ্চতা ১ দশমিক ৬ ফুট ও ওজন প্রায় আট কেজি। উদ্ধারকালে বিড়ালটি বাঁ চোখ ও মাথার পেছনের দিকে মারাত্মক জখম ছিল।
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষক হেমায়েতুল ইসলামের তত্ত্বাবধানে বন বিভাগের রাজশাহী কার্যালয়ে বিড়ালটিকে চিকিত্সা দেওয়া হচ্ছে।
একই দিনে রাজশাহী মহানগরীর গনকপাড়া মোড় থেকে একটি বানর উদ্ধার করা হয়। বানরটি রেসাস জাতের বলে বন বিভাগ জানিয়েছে। এটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতি। বানরটিকে কিছুটা আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নিবিড় পরিচর্যা, খাদ্য গ্রহণ ও তত্ত্বাবধানের মাধ্যমে বিড়াল ও বানরটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলে প্রাণী দুটিতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।