চিত্তরঞ্জন কটন মিলস এলাকার পুকুর ভরাটে নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন মাসের জন্য নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলস এলাকার পুকুর ভরাটের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।রুলে ওই ভরাট কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সেখানকার পুকুর ও জলাশয় ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্তের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ভূমিসচিব, পরিবেশসচিব, শিল্পসচিব, টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ও চিত্তরঞ্জন কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।