চিত্রকর বাহরাম আর নেই

চিত্রকর বাহরাম আর নেই। ২ আগস্ট মঙ্গলবার সকাল পৌনে ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন থেকে তিনি উচ্চরক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
চিত্রকর হিসেবে বাহরামের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ক্রমাগত চেষ্টায় নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন শিল্পী হিসেবে। বিচিত্র শিল্পজীবনে রিকশা ও ট্রাক পেইন্টিং থেকে শুরু করে সাইনবোর্ড, ব্যানার, সিনেমার হোর্ডিং ও ফটোগ্রাফি স্টুডিওর ব্যাকস্ক্রিনের দৃশ্য এঁকেছেন। এই চিত্রমাধ্যমগুলোর সহজ ও প্রথাগত ভঙ্গির সঙ্গে নিজস্ব ভাবনার মিশেলে তিনি নির্মাণ করেছিলেন অভিনব এক শিল্পজগৎ। এই শিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী হয় ২০১৪ সালের ১০ জানুয়ারি।
১৯৫০ সালে ঢাকায় জন্ম নেওয়া এই শিল্পীর আসল নাম সৈয়দ কৌমার হোসেন সিরাজী। তবে বাহরাম নামেই সবার কাছে বেশি পরিচিত ছিলেন। মাত্র ১১ বছর বয়সে পেনসিল স্কেচের মাধ্যমে চিত্রকলায় হাতেখড়ি। পরে হাত দেন রিকশা পেইন্টিংয়ে। কিন্তু রিকশা চিত্রকলায় যে নির্দিষ্ট ছক এঁকে ব্যবহারিক শিল্প তৈরি করতে হয়, বাহরাম তাতে তৃপ্ত থাকেননি। কল্পনাশক্তি প্রয়োগ করে নতুন ভঙ্গির এক চিত্রকলার জন্ম দিয়েছিলেন তিনি। জীবদ্দশায় তিনি তিন বছর শিল্পবিষয়ক পত্রিকা ডেপার্ট-এর আবাসিক শিল্পী হিসেবে কাজ করেছিলেন।
মঙ্গলবার হোসনি দালান মসজিদে জানাজা শেষে বাহারামের লাশ মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।