চিত্রকে আমিনুল ইসলামের নান্দনিক রেখাচিত্র
গ্যালারি চিত্রকটা একটু অন্য রকম। সামনে এক চিলতে খোলা জায়গা। আশপাশে সবুজ গাছপালা। এখানে দাঁড়িয়ে দেখা যায় বেশ খানিকটা আকাশ। কারণ এর সামনের রাস্তার ওপাড়ে রয়েছে বেশ বড়সড় একটি মাঠ। গতকাল শেষ বিকেলে চিত্রকের সামনের ওই চত্বরে বসে গল্পে মেতেছিলেন সাংবাদিক ফয়েজ আহমদ, লেখক ওসমান জামাল, কবি সৈয়দ শামসুল হক ও শিল্পী মুর্তজা বশীর। তাঁরা সবাই স্বনামখ্যাত চিত্রশিল্পী আমিনুল ইসলামের বন্ধু। এসেছেন তাঁর ‘ড্রয়িং এক্সিবিশন অব আমিনুল ইসলাম-২০১০’ নামের প্রদর্শনীর উদ্বোধন করতে। বিকেল সাড়ে পাঁচটায় সবাই মঞ্চে এলেন। মুর্তজা বশীরের সভাপতিত্বে শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান। এতে আমিনুল ইসলামের বন্ধুদের পাশাপাশি বক্তৃতা করেন তাঁর স্ত্রী রুবী ইসলাম। অসুস্থ থাকায় শিল্পী নিজে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি অনুভব করেছেন আগত অতিথিরা। তাঁর বন্ধুরা বলেছেন, ‘আমিনুলের প্রদর্শনী উদ্বোধন করতে এসে ভালোই লাগছে। তবে ও নিজে থাকলে আরও ভালো লাগত।’ অনুষ্ঠান পরিচালনা করেন চিত্রকের ব্যবস্থাপনা পরিচালক শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান।এই প্রদর্শনীতে বিমূর্ত ও আধা-বিমূর্ত রীতিতে আঁকা ৫০টি চিত্রকর্ম উপস্থাপন করা হয়েছে। শিল্পী মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন প্যাস্টেল, চারকোল, কালি ও কলম এবং জলরং। প্রদর্শনী চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। গ্যালারি খোলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটিসম্মিলিত সাংস্কৃতিক জোটের পঞ্চম সম্মেলনে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে ৪৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে নাসির উদ্দীন ইউসুফ সভাপতি ও হাসান আরিফ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সহসভাপতি গোলাম কুদ্দুছ, মুহাম্মদ সামাদ, মান্নান হীরা, সালাউদ্দিন বাদল, লিয়াকত আলী, আফরোজা বানু ও ফকির আলমগীর। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মফিদুল হক, মামুনুর রশীদ, সারা যাকের, ম হামিদ, লায়লা হাসান, মানজারুল ইসলাম, মাসকুর-এ সাত্তার প্রমুখ মনোনীত হয়েছেন।