চিত্রনাট্য রচনা প্রশিক্ষণ ও প্রকল্প প্রস্তুতিবিষয়ক কর্মশালা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো চিত্রনাট্য রচনা প্রশিক্ষণ এবং চলচ্চিত্রে জাতীয় ও আন্তর্জাতিক অনুদানের জন্য প্রকল্প প্রস্তুতিবিষয়ক কর্মশালা। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) উদ্যোগে পাঁচ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। এতে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

আয়োজক সূত্র বলছে, কর্মশালায় অংশগ্রহণকারী ৩৮ জন শিক্ষার্থীকে চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। চলচ্চিত্রের জন্য বাংলাদেশ সরকারের অনুদান দেওয়ার বিধিসমূহ এবং চলচ্চিত্র নির্মাণ প্রকল্প তৈরির বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া চলচ্চিত্র নির্মাণের জন্য সম্ভাব্য আন্তর্জাতিক অনুদানপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়া হয়। এসব প্রতিষ্ঠান ও সংস্থার জন্য উপযোগী চলচ্চিত্র প্রকল্প তৈরির বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালা শুরু হয় ৯ জুন, শেষ হয়েছে গত রোববার সন্ধ্যায়। সমাপনী সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী এবং চলচ্চিত্র গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক। স্বাগত আলোচনা করেন কর্মশালার পরিচালক এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। সভাপতি ছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের।

কর্মশালায় প্রশিক্ষণ দেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, নাট্যকার মাসুম রেজা, নির্মাতা আকরাম খান, অমিতাভ রেজা, শবনম ফেরদৌসী, প্রসূন রহমান, ওয়াহিদ তারেক ও আবিদ মল্লিক।