গাজীপুরে কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া উচ্চবিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে চিত্রনায়ক ফারুক ও স্থানীয় মোমেন মোল্লার বিরুদ্ধে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল সোমবার দুপুরে স্কুলের মাঠে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে স্থানীয় রায়মোহন সূত্রধর মঠবাড়ী মৌজায় এক একর ৪৪ শতাংশ জমি রায়েরদিয়া উচ্চবিদ্যালয়ের নামে দলিল করে দেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই স্থানের দখল বুঝে নিয়ে সেখানে বিভিন্ন গাছ রোপণ করে। এখনো ওই সম্পত্তি স্কুলের দখলেই আছে। স্কুলকে জমি দেওয়ার দু-তিন বছর পরে মারা যান রায়মোহন। কিন্তু পরবর্তী সময়ে স্থানীয় মৃত জনাব আলীর ছেলে মোহাম্মদ হোসেনসহ তাঁর লোকজন জাল কাগজপত্র তৈরি করে চিত্রনায়ক আকবর পাঠান ওরফে ফারুক ও মোমেন মোল্লার কাছে ওই জমি বিক্রি করেন।সম্প্রতি ওই জমি দখলের জন্য মোমেন মোল্লা স্থানীয় যুবদলের নেতা মাসুদ রানার নেতৃত্বে ওই স্থানে সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে এলাকাবাসী তাঁদের বাধা দেয় এবং নির্মাণ করা সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেয়। ওই ঘটনায় স্কুলের প্রাক্তন কয়েকজন ছাত্রসহ এলাকার প্রতিবাদকারীদের বিরুদ্ধে তাঁরা একাধিক হয়রানিমূলক মামলা করেন। মামলা দিয়ে তাঁরা আবারও ওই জমি দখলের ষড়যন্ত্র করছেন। রায়েরদিয়া উচ্চবিদ্যালয়ের ভূমি দখলের প্রতিবাদে ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে চিত্রনায়ক ফারুক ও স্থানীয় মোমেন মোল্লার বিরুদ্ধে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল সোমবার দুপুরে স্কুলের মাঠে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সমাবেশে বক্তব্য দেন নাগরী ইউপির চেয়ারম্যান মো. সিরাজ মোড়ল, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের, ফজলুল হক তালুকদার, প্রাক্তন ছাত্র মেজবাহ উদ্দিন বাদশা, মো. মুজিবুর রহমান, এহসানুল হক নাজিম প্রমুখ। সমাবেশ শেষে দুপুরের বিরতির পর শিক্ষক-শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরে যায়। সমাবেশে নাগরী ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজ মোড়ল জানান, ওই ঘটনায় স্কুলের প্রাক্তন কয়েকজন ছাত্রসহ এলাকার প্রতিবাদকারীদের বিরুদ্ধে জমি দখলকারীরা একাধিক হয়রানিমূলক মামলা করেন। মামলা দিয়ে তাঁরা আবারও ওই জমি দখলের ষড়যন্ত্র করছেন। চিত্রনায়ক ফারুক প্রথম আলোকে বলেন, ‘ওই জমির প্রকৃত মালিক আমি। এলাকার কিছু ভূমিদস্যু সংঘবদ্ধ হয়ে স্কুলের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন বা বিক্ষোভ করাচ্ছে। ওই জমি স্কুলের হলে আমি কখনোই সেখানে যেতাম না। এ ছাড়া জমিটির অবস্থান স্কুল থেকে বেশ দূরে, স্কুলের সঙ্গে হলে আমি প্রয়োজনে দান করতাম।’ তবে তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি।