চিত্রশিল্পী আবদুল মুক্তাদির আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত চিত্রশিল্পী আবদুল মুক্তাদির
প্রখ্যাত চিত্রশিল্পী আবদুল মুক্তাদির

প্রখ্যাত চিত্রশিল্পী আবদুল মুক্তাদির আর নেই। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে ধানমন্ডিতে নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল বাদ এশা ধানমন্ডির সাত নম্বর সড়ক মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শিল্পী আবদুল মুক্তাদিরের জন্ম ১৯৩৬ সালের ১ এপ্রিল ঢাকায়। তিনি ১৯৬০ সালে তদানীন্তন গভ. কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফ্টস (বর্তমান চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের প্রথম ১৪ বছর আবদুল মুক্তাদির বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে কাটান। এরপর তিনি দেশের প্রথম সারির বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বিটপীতে যোগ দেন এবং ২০০০ সালে সেখান থেকেই অবসর গ্রহণ করেন। বিটপীর শেষ দিনগুলো থেকেই তিনি ধীরে ধীরে শিল্পচর্চার মাধ্যমে জীবনের গভীর গূঢ়ার্থ অন্বেষণে ব্যাপৃত হন।
পরবর্তী দুই দশকে আবদুল মুক্তাদির আটটি একক চিত্র প্রদর্শনীর সফল আয়োজন করেন। আবদুল মুক্তাদির আধাবিমূর্ত রীতিতে ছবি এঁকে নিজের আসন দৃঢ় করেছিলেন। একসময় সেই রীতি থেকে সরে এসে বাস্তব ধারার মিশ্রণে নতুন ভুবন সৃষ্টি করেন। তাতে ছিল রহস্য ও ভালো লাগার তীব্রতা, নিসর্গ, ফুল, পাখি।
নিভৃতচারী এই শিল্পী মৃত্যুকালে অগণিত ভক্ত এবং এক মেয়ে (কুর্রাতুল-আইন-তাহ্মিনা মিতি) ও দুই ছেলে (অতল ও অনীন) রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।