চিত্রা নদীতে পাট জাগ, পানি দূষিত হয়ে মরছে মাছ
নড়াইলের চিত্রা নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নদীটির ৩০ কিলোমিটার এলাকায় স্থানীয় কৃষকেরা পাট জাগ দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে মাছও মারা যাচ্ছে। কৃষি বিভাগ বিকল্প পদ্ধতিতে পাট জাগ দেওয়ার জন্য পরামর্শ দিলেও কৃষকেরা তা অনুসরণ করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে চিত্রা নদীর পানির দূষণ ঠেকানো যাচ্ছে না। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক বরুণ কুমার বিশ্বাস বলেন, পাট মৌসুম এলেই চিত্রা নদীতে পাট জাগ দেওয়া হয়। এতে উৎকট দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। একই সঙ্গে অক্সিজেনের অভাবে নদীর মাছও মারা যায়। নদীর পানি কালো হয়ে যায়। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। এলাকাবাসী জানান, এ বছর নড়াইল পৌরসভার বরাশুলা গ্রাম থেকে সদর উপজেলার শিঙ্গা-হাঁড়িগড়া এলাকা পর্যন্ত এবং পৌরসভার হাটবাড়িয়া এলাকা থেকে কালিয়া উপজেলার পিড়োলী গ্রাম পর্যন্ত চিত্রা নদীর দুই পাড়ের ৩০ কিলোমিটারে পাট জাগ দেওয়া হয়েছে। পংকবিলা গ্রামের জেলে সুকুমার মালো ও সুবোধ মালো বলেন, ‘পাট জাগ দিয়ায় নদীর জল পচে গেছে, গোন্দ হয়ে গেছে। মাছ মরে ভাসে উঠতিছে। নদীতি মাছ নাই। সারা রাত জাল বায়ে মাছ পাই মাত্র এক-দেড় কেজি। তা বেচে সংসার চলে না। ছল-মায়ে নিয়ে না খায়ে মরে যাওয়ার কায়দা হইছে।’ নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ বি এম ফজলুর রহমান বলেন, নড়াইলে এবার ২০ হাজার ৭৩ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। রিবন রেটিং পদ্ধতিতে কৃষকদের পাট জাগ দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করে পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি কর্মকর্তা দাবি করেন, এখন পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে। ফলে কৃষকেরা নদীতে আর পাট জাগ দিচ্ছেন না।’জেলা মৎস্য কর্মকর্তা আবদুল অদুুদ বলেন, পাট জাগ দেওয়ায় নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মাছের প্রজননক্ষমতাও কমে যাচ্ছে। এ কারণে নদীতে প্রাকৃতিক মাছের আকাল দেখা দিয়েছে।