চিত্রা নদীর তীর দখল করে ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রা নদীর তীর দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। তুষার শেখ নামের একজন ব্যবসায়ী নড়াইল পৌরসভার আলাদাতপুর এলাকায় এ ভবন নির্মাণ করছেন। তুষার শেখ দাবি করছেন, তিনি তাঁর কেনা জমিতে এ ভবন নির্মাণ করছেন।নড়াইল পৌরসভার সহকারী ভূমি কর্মকর্তা মো. ইলিয়াছ মুন্সি জানান, চিত্রা নদীতীরবর্তী বরাশুলা গ্রাম থেকে উজিরপুর গ্রামের প্রায় ১০ কিলোমিটার এলাকার জমি জেলা প্রশাসনের অধীন। নড়াইল পৌরসভা পৌর এলাকার জমির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। আলাদাতপুর এলাকার আলাদাতপুর মৌজার ১২৪ দাগের ১৩ শতাংশ জমিতে নড়াইল শহরের আসবাব ব্যবসায়ী তুষার শেখ অবৈধভাবে ভবন নির্মাণ করছেন। ওই জমি পৌরসভার। এ কারণে তুষার শেখকে মৌখিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ নির্দেশ না মানায় তাঁকে গত রোববার কাজ বন্ধ করার জন্য লিখিত নোটিশ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নড়াইল পৌর মেয়র জুলফিকার আলী মণ্ডলের বাড়ির পাশে আলাদাতপুর এলাকায় ভবনটি নির্মাণ করা হচ্ছে। নদীর ভেতরে পাইলিং দিয়ে মাটি ভরাট করে ভবনটি করা হচ্ছে। এ ভবনের শৌচাগারের পাইপের সংযোগ দেওয়া হয়েছে নদীর মধ্যে। তুষার শেখ দাবি করেন, তিনি পৌরসভার আলাদাতপুর এলাকার মুকুন্দ কুণ্ডুর কাছ থেকে ওই ১৩ শতাংশ জমি কিনে ভবন নির্মাণ করছেন। জমির দলিল দেখতে চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন।জেলা প্রশাসক মো. জহুরুল হক বলেন, নদী রক্ষায় শিগগির অভিযান চালানো হবে। নদীদূষণ রোধ এবং দখলদার উচ্ছেদের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। নদীর তীর দখল করে কেউ পাকা ভবন নির্মাণ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।