চিত্রাঙ্কন-সভায় এস এম সুলতানের জন্মবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকডাকা ভোরে ভক্ত-অনুরাগীরা জড়ো হতে শুরু করেন নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে। চিত্রশিল্পী এস এম সুলতানের সমাধি চত্বরে। চলে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও কোরআনখানি। অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা।

গতকাল বৃহস্পতিবার এভাবেই উদ্‌যাপন করা হয় সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন এসব কর্মসূচির আয়োজন করে। এতে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। সকাল আটটায় সুলতান কমপ্লেক্সে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। পরে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপপরিচালক মো. ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ প্রমুখ। সভায় সুলতানের জীবনীর ওপর আলোচনা করা হয়।

১৯২৪ সালের ১০ আগস্ট মাছিমদিয়া গ্রামে এক দরিদ্র রাজমিস্ত্রির ঘরে জন্ম নেন শেখ মোহাম্মদ সুলতান। তাঁর ডাকনাম ছিল লাল মিয়া। ভিন্ন বৈশিষ্ট্যের ছবি এঁকে জীবদ্দশাতেই কিংবদন্তি হয়ে ওঠেন সুলতান। তিনিই প্রথম এশীয়, যাঁর আঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদর ঢালির মতো বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রদর্শিত হয়। মাত্র ২৫ বছর বয়সে তাঁর ছবি প্রদর্শিত হয় লন্ডনের ভিক্টোরিয়া এমব্যাংকমেন্ট ও লেইস্টার গ্যালারিতে।