চিত্রার তীর ঘেঁষে উঠছে আ.লীগ নেতার ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের দখল হয়ে যাচ্ছে চিত্রা নদীর তীর। নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান চিত্রা নদীর পারে অবস্থিত জেলা খাদ্যগুদাম ঘাটের সামনের অংশে পাকা ভবন নির্মাণ করছেন। হাসানুজ্জামান দাবি করেছেন, তিনি সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়েই ভবন তুলছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিত্রা নদীসহ জেলার আশপাশের নদী-খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসনের। গত বছরের ২০ জুলাই জেলা প্রশাসন চিত্রা তীরের প্রায় তিন কিলোমিটার অংশে দখলদারদের উচ্ছেদে অভিযান চালায়। এ সময় ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু সব জায়গা উদ্ধার না করেই অভিযান শেষ হয়। সে সময় চিত্রার তীরে ৫৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. ইলিয়াছ মুন্সি জানান, ওই অভিযানে শুধু অবৈধ স্থাপনা ভাঙা হয়েছে। নদীর জায়গা দখলের অপরাধে কারও জেল-জরিমানা হয়নি। এমনকি দখলদারদের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি। তিনি বলেন, চিত্রা নদী তীরবর্তী বরাশুলা গ্রাম থেকে উজিরপুর গ্রামের প্রায় ১০ কিলোমিটার নড়াইল পৌরসভার অধীন। তিনি দাবি করেন, কর্মস্থলে যোগদানের আগেই মো. হাসানুজ্জামান গংকে পৌরসভার কুরিগ্রাম মৌজার খাস খতিয়ানের ২১৩ দাগ থেকে আড়াই শতাংশ জমি (স্মারক-জেপ্রকা/নড়া/এস,এ/৩-২-৩/২০০৩-০৯-১২৩৪ ইং তাং ২৯/১২/১০) একসনা বন্দোবস্ত দেওয়া হয়। একসনা বন্দোবস্তের ক্ষেত্রে পাকা ইমারত নির্মাণের নিয়ম নেই। তবে জেলা প্রশাসক যদি পাকা ইমারত নির্মাণে আদেশ প্রদান করে থাকেন, সে ক্ষেত্রে কিছুই করার নেই। সরেজমিনে দেখা গেছে, খাদ্যগুদামে মালামাল ওঠানামার জন্য নদীর তীরে নির্মিত সিঁড়ির গা ঘেঁষেই ভবন নির্মাণকাজ চলছে। এ ব্যাপারে জানতে চাইলে রাজমিস্ত্রি ওয়ারেশ হোসেন বলেন, ‘এখানে সারের গুদাম উঠছে। হাসানুজ্জামান এ কাজ করাচ্ছেন।’উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মো. ছারিউল বিশ্বাস ক্ষোভের সঙ্গে বলেন, ‘প্রশাসনের ছত্রছায়ায় থেকে মো. হাসানুজ্জামান একের পর এক অপকর্ম করে যাচ্ছেন।’ এ ব্যাপারে জানতে চাইলে হাসানুজ্জামান বলেন, ‘সরকারি শর্ত পূরণ করেই বন্দোবস্ত নেওয়া হয়েছে। কবে বন্দোবস্ত নিয়েছি মনে নেই।’নড়াইলের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নদী রক্ষায় শিগগিরই আবারও অভিযান চালানো হবে। তিনি বলেন, ‘দখলদারদের প্রতি মমতা দেখানোর কোনো সুযোগ নেই, আমরা প্রয়োজনে নির্মম ভূমিকাই পালন করব। নদীদূষণ রোধ এবং দখলদার উচ্ছেদে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে।’ জেলা প্রশাসক আরও বলেন, ‘হাসানুজ্জামান গংকে টিনশেড ঘর নির্মাণের জন্য একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছে। সেখানে পাকা ইমারত নির্মাণ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’