চিত্রার বুকে সাংসদের দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে চিত্রা নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে সংরক্ষিত আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ ফরিদা রহমানের বিরুদ্ধে। সরকারি কর্মকর্তারা এই স্থাপনাকে অবৈধ বললেও তা উচ্ছেদে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সাংসদ ফরিদা রহমান অবশ্য নিজের জমির ওপর স্থাপনা নির্মাণ করছেন বলে দাবি করেছেন।শুক্রবার সরেজমিনে দেখা গেছে, নড়াইল সদর উপজেলা পরিষদের আবাসিক ভবনসংলগ্ন এলাকায় সাংসদ ফরিদা রহমানের বাড়ির দক্ষিণ সীমানা থেকে নদীর ভেতর প্রায় ১২ ফুট জায়গায় দেয়াল নির্মাণ করা হয়েছে। ভেতরে বালু দিয়ে জায়গাটি ভরাট করা হযেছে। সাংসদের বাড়িসংলগ্ন এলাকায় কোনো নদীভাঙন নেই।নড়াইলের সাবেক পৌর কমিশনার তারিক হাসান জানান, এসএ রেকর্ড অনুসারে আলাদাতপুর মৌজায় ১৩১ খতিয়ানের ১৯৬ দাগে বাড়িসংলগ্ন পৈতৃকসূত্রে তাঁদের মোট জমির পরিমাণ ছিল তিন একর এক শতক। এরপর ভাঙনে কিছু অংশ নদীতে চলে যাওয়ায় আরএস জরিপে দুই একর ৮৮ শতক জমি রেকর্ডভুক্ত হয়েছে। এ সম্পত্তি থেকে তিনি ও তাঁর ভাই সাত-আট বছর আগে ফরিদা রহমানের কাছে প্রথমে ১০ শতক ও কিছুদিন পর তাঁর স্বামী শাহ আতিউর রহমানের কাছে আরও তিন শতক বিক্রয় করেন। তিনি বলেন, ফরিদা রহমান তাঁর বাড়ির দক্ষিণে নদীর যে অংশে নির্মাণকাজ করেছেন তাতে তাঁদের পরিবারের নামে রেকর্ড করা নয়, ওই জমি তাঁরা বিক্রিও করেননি।প্রতিবেশী অসীত কুণ্ডু (৭০) বলেন, ৫০ বছরে তাঁদের বাড়িসংলগ্ন এলাকায় কখনো নদী ভাঙনের ঘটনা ঘটেনি। নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, এত দিন বাড়ির সীমানা এক রকম থাকলেও সম্প্রতি নদীর মধ্যে ১২-১৩ ফুট বাড়িয়ে তিন-চার শতক পাড়ের জমি দখল করে নিয়েছেন সাংসদ। দখল প্রসঙ্গে সাংসদ ফরিদা রহমান প্রথম আলোকে বলেন, ৪৫ বছরের রাজনীতির জীবনে কেউ তাঁর বিরুদ্ধে দখলের অভিযোগ করতে পারবে না। বরং তিনি নদী দখলদারদের বিরুদ্ধে সোচ্চার। তিনি দাবি করেন, খরিদ করা জমির ওপর স্থাপনা তৈরি করা হয়েছে। এখানে কোনো দখলবাজি কিংবা মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি। যদি কেউ এ ধরনের অভিযোগ করে থাকেন তিনি না জেনে না বুঝে করেছেন।তবে পৌরসভার তহসিলদার মো. আনোয়ারুল ইসলাম জানান, সাংসদের এই নির্মাণ অবৈধ। নদীর ভেতর তিনি ১২-১৩ ফুট স্থাপনা নির্মাণ করেছেন। এই স্থাপনা সরিয়ে নিতে নোটিশ জারি করার প্রস্তুতি চলছে। নড়াইল নদী ও বিল বাঁচাও কমিটির সদস্য কাজী হাফিজুর রহমান বলেন, একজন আইনপ্রণেতা নদী দখল করলে অন্য দখলদারেরা উৎসাহিত হবে। নদীর জায়গা সম্পর্কে স্পষ্ট সরকারি আইন আছে। সেখানে বলা হয়েছে, পয়স্তি ও শিকস্তি আইনে নদীর জায়গা কারও ব্যক্তিগত নয়; নদীর জায়গা সরকারি।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ারুল ইসলাম বলেন, নদী দখল করে যদি কেউ স্থাপনা নির্মাণ করে, তা অবৈধ। নদীতে আরও অবৈধ স্থাপনা আছে। তালিকা তৈরির কাজ চলছে। নদীর পাড় দখলমুক্ত করতে শিগগিরই অভিযান চালানো হবে।জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, নদীর ভেতর কারও ব্যক্তিগত জমি থাকতে পারে না। জমি যদি নদীতে ভেঙে যায় সেটি সরকারি খতিয়ানভুক্ত হয়ে যায়। সেখানে কেউ স্থাপনা তৈরি করলে তাও অবৈধ।