চিত্রার লাইনচ্যুত বগি উদ্ধার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার বেলা ১টা ২০ মিনিটে পাবনার ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 


৩টা ২০ মিনিটে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে। রেলওয়ে পাকশী অঞ্চলের সহকারী বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে এর প্রধান করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার মোবাইলে প্রথম আলোকে জানান, ঈশ্বরদী স্টেশন থেকে যাত্রাবিরতির পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। মুলাডুলি স্টেশনের আগে সিগন্যাল অমান্য করে ট্রেনটি নিয়ে যাওয়ার সময় চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন, পাওয়ার কার, একটি কোচসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চালক রবিউল ইসলাম জানান, গাড়ি না যাওয়ার জন্য লালবাতি লক্ষ করলেও ইঞ্জিনের ব্রেক কাজ করেনি। ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ২০ ফুট রেললাইন ভেঙে গেছে। পুরোনো অনেক স্লিপার ভেঙে গেছে। সেগুলো ঠিকঠাক করা হচ্ছে। এদিকে ঢাকামুখী যাত্রীরা বিড়ম্বনায় পড়েছে।

চালক নাসির উদ্দিন বলেন, ট্রেনটি সিগন্যাল অমান্য করে ট্রাম্প পয়েন্টে ঢুকে পড়ায় লাইনচ্যুত হয়েছে। এর কারণে বড় দুর্ঘটনা থেকেও রক্ষা পেয়েছে। ট্রাম্প পয়েন্টে ট্রেন ঢুকে গেলে ট্রেন বেশি দূর যেতে পারে না। বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা কম থাকে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, ট্রেনটি না যাওয়ার জন্য সিগন্যাল দেওয়া ছিল। যেহেতু ট্রেনটির যাওয়ার সিগন্যাল ছিল না, তাই ট্যাপ পয়েন্ট খোলা ছিল। ওই পয়েন্ট অতিক্রম করার সময় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে।

আরও পড়ুন...