চিত্রায় সেতুর অভাবে ২২টি গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্বিপুর এলাকায় চিত্রা নদীর ওপর সেতু নেই। এ কারণে এই এলাকার লোকজন বাঁশের সেতুর ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে। ফলে ২২টি গ্রামের মানুষ যাতায়াতে ভোগান্তিতে রয়েছে।
এলাকাবাসী বলছে, বছরে ছয়–সাত মাস তারা বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হয়। বর্ষায় পানির তোড়ে সাঁকো ভেসে যায়। তারা দীর্ঘদিন নদীর তত্বিপুর ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেই।
তত্বিপুর গ্রামের মনিরুল ইসলাম বলেন, তত্বিপুর ঘাটের দক্ষিণ পারে রয়েছে ৭টি গ্রাম, আর উত্তরে ১৫টি। এসব গ্রামের মানুষ তত্বিপুর বাজারে কেউ ব্যবসা করে, কেউ বাজার করে। বর্তমানে এখানে স্থায়ী দোকান দুই শতাধিক, সাপ্তাহিক বাজারের দোকান বসে আরও শতাধিক। বাজারের সঙ্গেই রয়েছে পুলিশ ফাঁড়ি। বাজারটি যে মালিয়াট ইউনিয়নে, সেই ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২১টি। এ জন্য ইউনিয়নবাসীকে দুই পারে যাতায়াত করতে হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ৪৪ বছর আগে ১৯৭৩ সালে তত্বিপুর বাজার প্রতিষ্ঠিত হয়। বাজারটির প্রতিষ্ঠাতারা ভেবেছিলেন, মালিয়াট ইউনিয়নের ১৫ গ্রামের মানুষ এখানে কেনাবেচা করবে। কিন্তু অল্প দিনেই বাজারে দোকানপাট বাড়তে থাকে। নদীর দক্ষিণ পারের সাত গ্রামের লোকজনও বাজারে আসতে থাকে। তারা এ বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে। কিন্তু নদীতে সেতু না থাকায় তারা ভোগান্তিতে পড়ে। তারা তালের নৌকা ও কলার ভেলায় করে পারাপার হতো। আর এতে প্রায়ই দুর্ঘটনা ঘটত। অনেক সময় পরিবারের খাবার জোটাতে চাল কিনে বাড়ি ফেরার সময় তা পানিতে পড়েও নষ্ট হতো।
বাজারের পাশের মাগুরা গ্রামের নূর আলী বলেন, এ অবস্থায় ১৯৯১ সালে তাঁরা সবাই মিলে একটি বাঁশের সাঁকো তৈরি করেন। কিন্তু পানি বেড়ে গেলে সাঁকো ধরে রাখা যায় না। তা ছাড়া সাঁকো মাঝেমধ্যেই ভেঙে পড়ে। সাঁকোটির দুই পাশে পাকা সড়কও রয়েছে। এই স্থানে একটি সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষ সহজেই বাজারে আসা-যাওয়া এবং উৎপাদিত পণ্য পরিবহন করতে পারত। এতে মানুষের অর্থনৈতিক উন্নতি হতো, বেড়ে যেত জীবনযাত্রার মান।
উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, চিত্রা নদীর তত্বিপুর ঘাটে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম এ বিষয়ে চেষ্টা করছেন। শিগগিরই ওই স্থানে একটি সেতু নির্মাণ হবে।