চিত্রে কালের চিহ্ন
বিকেলের ঝকঝকে নীল আকাশ। রোদের তাপ কমে এসেছে। এমন বিকেলে শেষ হয়ে গেল ‘কালের কোলাজ’। গতকাল বুধবার ধানমন্ডির দৃক গ্যালারিতে নবীন শিল্পীদের ‘কালের কোলাজ’ চিত্র প্রদর্শনীর ছিল শেষ দিন।
গ্যালারিতে যেতেই প্রথমে চোখ আটকে যায় ‘নির্মম সত্য’ চিত্রকর্মের দিকে। শিশুশ্রমকে কেন্দ্র করে শিল্পী অনুপম সরকার এঁকেছেন ‘নির্মম সত্য’। যেখানে বাস্তবধর্মী রীতিতে শিশুশ্রম তুলে ধরা হয়েছে। শিল্পী অনুপম প্রথম আলোকে জানান, দেড় মাস ধরে এই চিত্রকর্ম তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘পত্রিকায় এই চিত্র নিয়মিত দেখে মন ভার হয়ে যায়। গত বছর রাজনৈতিক সহিংসতার কবলে পরে শিশুরা। তখন থেকে এমন কাজের চিন্তা আসে। যা সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়তা করবে।’
কালের কোলাজের শিল্পী গৌতম দাশ গুপ্তের ছবির বিষয়বস্তু নগরায়ণ। শিল্পী গৌতম তাঁর ছবি নিয়ে বলছিলেন, নগরায়ণ এক অনিবার্যতা। এর বিপক্ষে নানা যুক্তি আছে। কিন্তু বাস্তবতা হলো, একে মেনে নেওয়া ছাড়া আমাদের গতি নেই।’
শিল্পী মৃত্তিকা সাহা এঁকেছেন নারীর প্রতিচ্ছবি। উজ্জ্বল রং তাঁর ছবির একটি বৈশিষ্ট্য। নারীর রূপ, অবয়ব ও সমাজে নারীর অবস্থান বর্ণিত হয়েছে তাঁর চিত্রকর্মে।
মৃত্তিকা সাহা জানান, নারীর যন্ত্রণা ও জটিলতা থেকে মুক্তির আকাঙ্ক্ষা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কালের কোলাজ শিরোনামের মর্মার্থ ব্যাখ্যা করে মৃত্তিকা বলেন, ‘কাল বা সময় মানুষকে ভাবায়, কালের পদচ্ছাপ স্মৃতিময় করে রাখে। এমন চিন্তা থেকে আমরা এ শিরোনাম নিয়ে কাজ করেছি।’
রং, বিন্দু , রেখা, শৈলী প্রভৃতির সাহায্যে মিশ্র মাধ্যম ও অ্যাক্রিলিক আঁকা এসব চিত্রমালায় একটি আধুনিক নন্দনবোধ সৃষ্টির প্রচেষ্টা রয়েছে। মোট নয়জন শিল্পীর ২৭টি চিত্রকর্ম নিয়ে ২৫ এপ্রিল শুরু হয়েছিল ভিন্নধর্মী এই চিত্রকর্ম।