চিনতে পারছেন, কথা বলছেন না বেলাল চৌধুরী

গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয় কবি বেলাল চৌধুরীকে। তাঁর উন্নত চিকিৎসার জন্য আজ রোববার বিকেলে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী জানান, কবি সবাইকে চিনতে পারছেন, কথা বলছেন না। তবে খুব সামান্য কথা বলছেন ছেলের সঙ্গে।
গত বুধবার নিরবচ্ছিন্ন বমি শুরু হলে কবিকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় টানা দুই দিন তাঁকে স্যালাইন দেওয়া হয়। গতকাল শনিবার থেকে সামান্য খাবার খেতে শুরু করেছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, কবির পাকস্থলী সংক্রমিত হয়েছে। তাঁর চিকিৎসার চেষ্টা চলছে।
আজ রোববার বিকেলে কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাবার চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, ভয় কেটেছে, তবে পর্যবেক্ষণে রাখতে হবে। তিনি এখন কেবিনে আছেন।’
ষাটের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবি বেলাল চৌধুরী সাংবাদিকতা করতেন। দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত-বিচিত্রা’র সম্পাদক ছিলেন তিনি।