চিনি অবিক্রীত, তাই আখের দাম পাচ্ছেন না চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকলের প্রায় ৩২ কোটি টাকার চিনি অবিক্রীত থাকায় চাষিদের আখের মূল্য পরিশোধ করা যাচ্ছে না। আখের টাকার জন্য চিনিকলে দিনের পর দিন ধরনা দিয়েও টাকা পাচ্ছেন না আখচাষিরা। আখচাষিদের পাওনা সাড়ে তিন কোটি টাকা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খোলাবাজারে চিনির মূল্য কম থাকায় চিনিকলের ডিলাররা চিনি উত্তোলন করছেন না। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা (বিএসএফআইসি) গত বছর ঈগলু কোম্পানির এক হাজার ৬৬৫ টন চিনি জয়পুরহাট চিনিকলে বিক্রির জন্য পাঠায়। ওই চিনিও অবিক্রীত রয়েছে। ঈগলু কোম্পানির ওই চিনি বিক্রির মেয়াদ রয়েছে চলতি বছরের আগস্ট পর্যন্ত। এই সময়ে এই চিনি বিক্রি না হলে চিনিকলকে বিপুল পরিমাণ লোকসান গুনতে হবে। ওই চিনির বাজারমূল্য নয় কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকা।চিনিকল সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে ৬৩ হাজার ৯১ টন আখ মাড়াই করে চার হাজার ২৯৪ টন চিনি উৎপাদন হয়। উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় আখচাষিদের পাওনা টাকা এবং শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ। উৎপাদিত চার হাজার ২০০ টন ও ঈগলু কোম্পানির এক হাজার ৬৬৫ টন মিলিয়ে মোট চিনি অবিক্রীত রয়েছে পাঁচ হাজার ৯৫৯ টন চিনি, যার মূল্য ৩১ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা।চিনিকলের অধীনে ৩৩ জন ডিলার রয়েছেন। জয়পুরহাট চিনিকলের প্রতি কেজি চিনির মূল্য ৫৫ টাকা। বাজারে বেসরকারি বিভিন্ন কোম্পানির উৎপাদিত চিনির খুচরা মূল্য ৫৪ থেকে ৫৫ টাকা। জয়পুরহাট শহরের চিনি ব্যবসায়ী রাজেশ চন্দ্র সাহা জানান, তিনি বেসরকারি চিনি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের ডিলার, তারা ৫৩ টাকা কেজি দরে চিনি কিনে ৫৪-৫৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। চিনিকলের ডিলার সামসুল ইসলাম জানান, বাজারে চিনির দামের চেয়ে চিনিকলের উৎপাদিত চিনির মূল্য বেশি হওয়ায় লোকসানের ভয়ে তাঁরা চিনিকল থেকে চিনি উত্তোলন করছেন না। জেলা সদরের কুজিশহর গ্রামের আখচাষি প্রভাষ চন্দ্র জানান, তিন মাস আগে মিলে আখ সরবরাহ করেও এখন পর্যন্ত তার পাওনা ৪০ হাজার টাকা পাননি। দিনের পর দিন ধরনা দিয়েও ওই টাকা পাওয়া যাচ্ছে না। তাঁর মতো অনেক কৃষক টাকা তুলতে হয়রানির শিকার হচ্ছেন। একই কথা বললেন মহুরুল গ্রামের আখচাষি আনিসুর রহমান। টাকা না পাওয়ায় বোরো চাষের খরচ জোগাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।জয়পুরহাট চিনিকলের কর্মচারী দেওয়ান বদিউজ্জামান জানান, তাঁরা গত জানুয়ারির বেতন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পেয়েছেন। ফেব্রুয়ারির বেতন এখনো পাননি। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লাহ জানান, চিনি বিক্রি না হওয়ায় চাষিদের সাড়ে তিন কোটি টাকা ও শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন দেওয়া সম্ভব হয়নি। চিনিকল থেকে ‘ফ্রি সেলে’ চিনি বিক্রির ঘোষণা দেওয়া হলেও কেউ চিনি কিনতে আসছেন না। বেসরকারি ঈগলু কোম্পানির এক হাজার ৬৬৫ টন চিনিও অবিক্রীত রয়েছে। এ চিনি বিক্রি না হওয়ায় তা মেয়াদোত্তীর্ণের আশঙ্কা দেখা দেবে।