চিনি আমদানি নিরুৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে সরকার
সরকার দেশীয় চিনিশিল্প রক্ষায় বিদেশ থেকে চিনি আমদানি নিরুৎসাহিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ জন্য অপরিশোধিত চিনি (র সুগার) ও সাদা চিনির আমদানি শুল্ক বাড়ানো এবং আমদানির কোটা নির্ধারণ করে দেওয়া হবে।
আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।
সাংসদ আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, সাদা চিনি আমদানি নিয়ন্ত্রণ তালিকাভুক্ত করা হবে। এ বিষয়ে শিল্প, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।
তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৯ জানুয়ারি পর্যন্ত সরকারের ১৫ টি চিনি কলে অবিক্রীত চিনি মজুতের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার ২৫৭ দশমিক ৫৫ মেট্রিক টন। এর মধ্যে ২১ হাজার ৩৬০ মেট্রিক টন মজুত আছে নাটোরের নর্থবেঙ্গল চিনিকলে। এ ছাড়া দর্শনার কেরু কোম্পানিতে ১৪ হাজার ৬৯১, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে ১৪ হাজার ৮৩১, ঠাকুরগাঁও চিনিকলে ১২ হাজার ৭৩৮, রাজশাহী চিনিকলে ১১ হাজার ১৯১, নাটোর চিনিকলে ১১ হাজার ১৩৩ মেট্রিক টন চিনি মজুত রয়েছে।
বিদ্যুতের ৫ ভাগ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে
ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে সংসদে জানানো হয়,২০১৫ সালের মোট উৎপাদিত বিদ্যুতের পাঁচ ভাগ (৮০০ মেগাওয়াট) নবায়নযোগ্য জ্বালানি হতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজকের অধিবেশনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অনুপস্থিতি ছিলেন। তাঁর পক্ষে প্রশ্নের জবাব দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে দেশের সব নাগরিককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা যাবে।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে বলা হয়, সরকার সব এনালগ ও ডিজিটাল বিদ্যুতের মিটার প্রি-পেইড মিটারে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে। তিন থেকে পাঁচ বছরের মধ্যে সারা দেশে ৭০ লাখ প্রি-পেইড মিটার স্থাপন করা হবে।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে জানানো হয়, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ৭৭ টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি সই হয়েছে। এতে ১১ হাজার ৫০৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে বলা হয়, বর্তমান দেশে উত্তোলনযোগ্য গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৬ টি। এর মধ্যে ১৯ টি উৎপাদনে আছে। অফসোর ফিল্ড সাঙ্গুর মজুত নিঃশেষ হওয়ায় উৎপাদন বন্ধ করা হয়েছে। সমুদ্রাঞ্চলে কুতুবদিয়ায় মজুতের পরিমাণ কম হওয়ায় বাণিজ্যিক উৎপাদন সম্ভব হয়নি। দুটি নতুন গ্যাসক্ষেত্র রূপগঞ্জ ও বেগমগঞ্জ খুব শিগগির উৎপাদনে আসবে। অন্য তিনটি গ্যাস ফিল্ড দীর্ঘদিন উৎপাদনে থাকায় বর্তমানে উৎপাদন স্থগিত আছে। তবে এই তিনটি থেকে আবারও উৎপাদন শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ করা হবে
শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে। এই আইন প্রণয়ন হলে টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানের বিষয়বস্তুর মানদণ্ড নির্ধারণ করা হবে এবং বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে।
নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আরও তথ্যচিত্র/ প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা তথ্য মন্ত্রণালয়ের রয়েছে। এখন পর্যন্ত যেসব তথ্যচিত্র/ প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে তার মধ্যে রয়েছে ৩৪ মিনিটের চিরঞ্জীব বঙ্গবন্ধু (বাংলা ও ইংরেজি),২০ মিনিটের স্বাধীনতা আমার স্বাধীনতা, বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর ভাষণ ২২ মিনিট, সোনালী দিনগুলি (বঙ্গবন্ধুর শাসনের সাড়ে তিন বছর) (বাংলা ও ইংরেজি) ৩২ মিনিট, আমাদের বঙ্গবন্ধু (বাংলা ও ইংরেজি),৭ ই মার্চের ভাষণ (বাংলা ও ইংরেজি), অসমাপ্ত মহাকাব্য বঙ্গবন্ধুর আত্মজীবনীর ওপর ৩০ মিনিট এবং বাংলার মাটি বাংলার জল (বিদেশি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের ওপর) ৩০ মিনিট।