চিনি আমদানিতে শুল্ক বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি করা চিনির দাম বাড়তে পারে। পরিশোধিত ও অপরিশোধিত—দুই ধরনের চিনির আমদানি শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
পরিশোধিত চিনির ওপর টনপ্রতি দেড় হাজার টাকা এবং অপরিশোধিত চিনিতে টনপ্রতি ৫০০ টাকা করে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এনবিআর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দিয়েছে। গতকাল থেকেই আদেশ কার্যকর করা হয়েছে।
এত দিন এক টন পরিশোধিত চিনিতে দুই হাজার ৫০০ টাকা আমদানি শুল্ক দিতে হতো। এখন থেকে টনপ্রতি চার হাজার টাকা দিতে হবে আমদানিকারককে। আর টনপ্রতি অপরিশোধিত চিনি আমদানিতে এখন দুই হাজার টাকা শুল্ক দিতে হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, দেশে প্রতিবছর ১২ থেকে ১৪ লাখ টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ মাত্র স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়। বাকিটা আমদানি করে মেটানো হয়।
প্রতিবছর রমজান মাসে খুচরা পর্যায়ে চিনির দাম বাড়ে। রোজার কয়েক মাস আগে আমদানি করা চিনির ওপর শুল্ক বাড়ানোর ফলে বাজারে এর দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে গতকাল এনবিআরের অপর এক প্রজ্ঞাপনে আমদানি করা চা-পাতার ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।