চিনি আর পেঁয়াজেই কেবল স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর রোজাদারদের বেশ ভোগান্তিতে ফেলেছিল চিনি। গড়ে ৬৫ থেকে ৭৫ টাকা কেজি বিক্রি হলেও একসময় দাম উঠে যায় ৮৫ টাকা পর্যন্ত। এবার ক্রেতারা এক কেজি চিনি কিনতে পারছেন ৫৬ থেকে ৬০ টাকায়। বাজারে প্যাকেটজাত কিছু চিনিও পাওয়া যাচ্ছে, দাম ৬০ থেকে ৬২ টাকা।গত বছর দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম ছিল ২৮ থেকে ৩৮ টাকা। এবার ওই সব পেঁয়াজের দাম ২৪ থেকে ৩৫ টাকা কেজি। এই রমজান মাসে এখন পর্যন্ত চিনি ও পেঁয়াজই ক্রেতাদের জন্য স্বস্তি। কারণ, অন্য সব পণ্যের দামই গত রমজান মাসের চেয়ে বেশি।গত রমজান মাসে প্রতি কেজি ছোলা (অস্ট্রেলিয়া ও মিয়ানমার) বিক্রি হয় ৭০ থেকে ৮৫ টাকায়। এ বছর তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। সাধারণ মানের খেজুর গত বছর বিক্রি হয় ৬০ থেকে ১৪০ টাকায়। এবার দাম ৯০ থেকে ১৪০ টাকা। একইভাবে মসুর ডালের দাম (দেশি ও আমদানি করা) ৭২ থেকে ৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫ থেকে ১১৫ টাকা। এক বছরে ভোজ্যতেলের দাম বেড়েছে চোখে পড়ার মতো। গত রমজান মাসে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল ১০৯ থেকে ১১০ টাকা। আর গতকাল বিক্রি হয়েছে ১২৩ থেকে ১২৪ টাকায়। আর পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম ছিল ৬০৫ থেকে ৬১০ টাকা। সেটা এখন বিক্রি হচ্ছে ৬৭০ টাকা।এ ছাড়া গত রমজান মাসে প্রকারভেদে এক কেজি মুড়ির দাম ছিল ৫০ থেকে ৯০ টাকা, এ বছর মুড়ির দাম ৫০ থেকে ১০০ টাকা। ২৩-২৪ টাকা থেকে এক হালি ডিমের দাম বেড়ে হয়েছে ৩৪-৩৫ টাকা। আর ১৪-১৫ টাকার আলু বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৬ টাকায়।সবজির সরবরাহ বেশি, দামও বেশি: রমজান মাস সামনে রেখে দু-তিন দিনের ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে। সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই দিন আগেও মানভেদে প্রতি কেজি বেগুনের দাম ছিল ২৪ থেকে ৩০ টাকা। গতকাল সেই বেগুন বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়। ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। কাঁচা মরিচের কেজি ৬০ টাকা।শসার কেজি ২৫ থেকে বেড়ে ৩৫ থেকে ৪০ টাকা, গাজরের দাম ৩৫ থেকে বেড়ে ৪০ টাকা, ২৪ থেকে ২৮ টাকার পটোল ৩০ টাকা, ২০ থেকে ২৪ টাকার পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা কলার হালি ২০ থেকে বেড়ে ২৫, ২০ থেকে ২৫ টাকার চিচিঙ্গা ২৫ থেকে ৩০, বরবটি ৩৫ থেকে ৪০, কাঁকরোল ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ঝিঙে ৩০ থেকে ৩২, করলা ৩০ ও আলু ২৪ থেকে ২৬ টাকা কেজি বিক্রি হচ্ছে।ভোজ্যতেলে সংকট: বাজারে শুধু খোলা তেলই নয়, বোতলজাত তেলেরও সংকট দেখা দিয়েছে। খোলা তেল এমনিতেই রাজধানীর বেশির ভাগ দোকানে পাওয়া যায় না। তার ওপর অনেক দোকানে গিয়ে বোতলজাত তেল কিনতে চাইলে বিক্রেতা বলেছেন, ‘তেল নেই।’পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, সরবরাহ সংকটের কারণে এক মাসে মিলগেট রেট চার টাকা বেড়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের মিলগেট দর এখন ১১৪ টাকা। তিনি বলেন, সরবরাহ বাড়ানো না হলে পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, তিন-চার দিন ধরে তীর ব্র্যান্ডের বোতলজাত তেলের সরবরাহে সমস্যা হচ্ছে। কারণ, বিরূপ আবহাওয়ার জন্য জাহাজ থেকে সয়াবিন তেল খালাস করা যাচ্ছে না। সোমবার নাগাদ সরবরাহ ঠিক হয়ে যাবে। তবে খোলা তেলের নিয়মিত সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।