রমজান মাসে ছোলা ও চিনির দাম নির্ধারণে চট্টগ্রাম জেলা প্রশাসকের একক সিদ্ধান্তের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, কেবল ভোগ্যপণ্য আমদানিকারক সমিতি এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ দাম নির্ধারণ করে দিতে পারে।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, এখন বাজারে যে ছোলা রয়েছে সেগুলো তিন মাস আগে আমদানি করা হয়েছে। এই ছোলা বর্তমানে ২ হাজার ৬৫০ টাকা মণ হিসাবে কেজিপ্রতি ৭৫ টাকা করে বিক্রি করলেও কেজিতে ৪ টাকা লাভ হয়। অথচ জেলা প্রশাসক এখতিয়ারবহির্ভূতভাবে ছোলার দাম কেজিপ্রতি ৮০ টাকা ও চিনির দাম ৬৩ টাকা নির্ধারণ করে দেওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ব্যবসায়ীরা বেশি মুনাফার সুযোগ পেয়েছেন।
মহিউদ্দিন চৌধুরী বিবৃতিতে বলেন, সরকার যখন রমজান মাসে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর, তখন প্রজাতন্ত্রের কর্মকর্তা জেলা প্রশাসকের বর্ধিত হারে দাম নির্ধারণ করে দেওয়া সরকারি নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। তাঁর এই অযাচিত ভূমিকা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
মহিউদ্দিন চৌধুরীর অভিযোগ, সমুদ্রপথে ভোগ্যপণ্যবাহী ১ হাজার ২০০ কার্গো জাহাজ ভাসমান রয়েছে। এটা সিন্ডিকেটের কারসাজি, যা ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির একটি অপকৌশল মাত্র। বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামের সিটি গেট থেকে কুমিরা হয়ে সীতাকুণ্ড পর্যন্ত বিভিন্ন পাটকলের গুদাম ভাড়া নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ছোলা ও চিনি মজুত করা হয়েছে। এসব গুদাম সিলগালা করে দেওয়ার দাবি জানান তিনি।
মহিউদ্দিন চৌধুরীর বিবৃতির বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী ও সাংবাদিকদের উপস্থিতিতে ছোলা ও চিনির দাম বেঁধে দেওয়া হয়েছে। নইলে ব্যবসায়ীরা লাগামহীনভাবে দাম বাড়াবেন। বেঁধে দেওয়া দামের বেশি দরে বিক্রি হলে জেলা প্রশাসনের পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।