শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি চারটি বেসরকারি প্রতিষ্ঠানকে চিনি কারসাজির জন্য দায়ী করেছে। এগুলো হচ্ছে—দেশবন্ধু, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও এস আলম গ্রুপ।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় মূল্যবৃদ্ধির এই কারসাজিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া চিনি শিল্প করপোরেশনের কারখানাগুলোতে চিনি পরিশোধনব্যবস্থা চালু করার সুপারিশ করেছে কমিটি।গতকাল বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, এস এম আবদুল মান্নান, মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, আলী আজগার ও সুলতানা বুলবুল সভায় অংশ নেন। বিশেষ আমন্ত্রণে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার চিনি পরিশোধন কাজ বেসরকারি খাতে ছেড়ে দেয়। এ ছাড়া চিনি আমদানির সুযোগও বেসরকারি খাতে দেওয়া হয়েছিল বিএনপির আমলে। তিনি বলেন, এর ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চিনি নিয়ে কারসাজির সুযোগ পাচ্ছে।তোফায়েল আহমেদ জানান, আগের মতো এখন থেকে মন্ত্রণালয় চিনি আমদানি করবে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, যে চারটি বেসরকারি প্রতিষ্ঠান এই কারসাজির সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে সরকার তদন্ত করছে।তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ইস্পাত প্রকৌশল করপোরেশন লাভজনক একটি প্রতিষ্ঠান। বৈঠকে করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত অর্থবছরে ৭৪ কোটি টাকা তারা প্রকৃত লাভ করেছে। এর মধ্যে প্রগতি ইন্ডাস্ট্রিজ লাভ করেছে ৩২ কোটি টাকা।তোফায়েল আহমেদ আরও জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে চীনের সহায়তায় নির্মিতব্য শাহজালাল সার কারখানা নিয়ে আলোচনা হয়েছে।