চিনি নিয়ে কারসাজি না করতে শিল্পমন্ত্রীর হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে চিনির দাম স্থিতিশীল রাখতে এবং চিনি নিয়ে কারসাজি না করতে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মন্ত্রী বলেছেন, কারসাজির মাধ্যমে চিনির বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার নিজেই অপরিশোধিত চিনি থেকে পরিশোধিত চিনি উত্পাদনের উদ্যোগ নেবে।

আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে ‘রপ্তানি বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। যৌথভাবে সেমিনারটি আয়োজন করে শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি), ঢাকা চেম্বার এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।

শিল্পমন্ত্রী আরও বলেন, সরকারের সঙ্গে পাল্লা দিয়ে মূল্য কারসাজির মাধ্যমে চিনির বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সমতা আনতে সরকার অপরিশোধিত চিনি আমদানি করার ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপ করবে। তিনি বলেন, সত্যিকার অর্থে যাঁরা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত, কেবল তাঁদেরই ব্যবসা করা উচিত। অতীতে অব্যবসায়ীরা ব্যবসার নামে অনৈতিক কাজ করে দেশের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত করেছেন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত শিল্পসচিব মোহাম্মদ ফরহাদ উদ্দিন, বিএবির মহাপরিচালক আবু আবদুল্লাহ ও সদস্য লিয়াকত আলী, বিল্ডের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ডিসিসিআইয়ের সহসভাপতি খন্দকার শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।