চিনি বিক্রি না হওয়ায় তিন মাস ধরে বেতন-ভাতা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের প্রায় ৩৩ কোটি টাকার ৯ হাজার মেট্রিক টন চিনি অবিক্রীত অবস্থায় গুদামে পড়ে আছে। চিনি বিক্রি না হওয়ায় চিনিকলের সহস্রাধিক শ্রমিক-কর্মচারী তিন মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়া গুদামে পড়ে থাকায় কিছু চিনি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মো. কামরুজ্জামান বলেন, তিন মাস ধরে বেতন না পেয়ে অনেক কর্মচারীই ধার-দেনা করে সংসার চালাচ্ছেন। টাকার অভাবে তাঁদের সংসার অনেকটাই অচল। এতে কষ্টে থাকা শ্রমিকদের মুখের দিকে তাকানোই যায় না।’
চিনিকলের পিয়ন আমিনুল ইসলাম বলেন, ‘তিন মাসের বেতন পাইনি। ছেলেমেয়েদের প্রাইভেটের টাকা দিতে পারছি না। অভাবের কারণে চরা সুদে ঋণ নিয়ে পরিবার চালাচ্ছি। কবে বেতন পাব জানি না।’
একই ধরনের সমস্যার কথা বলেছেন এমএলএসএস মো. ইশাহাক আলী, পিয়ন অন্তেষ কুমার দেবশর্মা, করণিক রিয়াজ আহমেদসহ আরও ১২ জন কর্মচারী।
চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, চিনিকলে স্থায়ী ও মৌসুমি মিলিয়ে ১ হাজার ৪ জন শ্রমিক-কর্মচারী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাস বেতন পাননি। এসব শ্রমিক-কর্মচারীর তিন মাসের বেতন-ভাতা শোধ করতে কমপক্ষে তিন কোটি টাকা দরকার।
চিনিকলের বাণিজ্যিক সহকারী মো. নজরুল ইসলাম জানান, চিনিকলের ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মাড়াই মৌসুমের ৮ হাজার ৮৮৪ দশমিক ৭৫ মেট্রিক টন চিনি গুদামে পড়ে আছে।
চিনিকলের মহাব্যবস্থাপক মো. শাহিদ উল্লাহ বলেন, ‘গুদামে রক্ষিত ৮ হাজার ৮৮৭ দশমিক ৭৫ মেট্রিক টন চিনির মূল্য ৩২ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা। এ চিনি বিক্রয়ের জন্য বিভিন্ন ক্রেতাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। কিন্তু বিক্রি হচ্ছে ঢিমেতালে। ফলে দুই মৌসুমের আগের চিনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গুদামের চিনি বিক্রি হলে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হবে।’