চিনি বিক্রি নেই, মজুরি পাচ্ছেন না শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে চিনিকলের মহন ইক্ষু খামারের তিনটি শাখার ২৫০ জন শ্রমিক গত ফেব্রুয়ারি থেকে মজুরি পাচ্ছেন না। দীর্ঘদিন মজুরি না পেয়ে ১৫ এপ্রিল তাঁরা খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
মহন ইক্ষু খামার সূত্রে জানা গেছে, এ খামারের আওতায় বোচাপুকুর, হাবিবপুর ও কহরপাড়া শাখায় দৈনিক হাজিরা হিসাবে ২৫০ জন শ্রমিক কাজ করেন। দৈনিক তাঁরা মাথাপিছু ১৬৫ টাকা করে পান। চিনিকলের তহবিলে টাকা না থাকায় গত ফেব্রুয়ারি থেকে তাঁদের মজুরি দেওয়া হচ্ছে না।
জসিম উদ্দিন নামের এক শ্রমিক বলেন, ‘এমনিতেই আমাদের মজুরি কম। তার মধ্যে তিন মাস ধরে বেতন পাচ্ছি না। পাড়ার দোকানদারেরাও এখন আর বাকিতে কিছু দিতে চায় না। অথচ পাওনা মজুরি চাইতে গেলে খামারের লোকজন পুলিশের ভয় দেখায়। বকেয়া টাকাটা না পেলে আমাদের মরা ছাড়া উপায় থাকবে না।’
তিনি আরও বলেন, ‘বাধ্য হয়ে আমরা ১৫ এপ্রিল সকাল সাতটা থেকে ইনচার্জকে তালাবদ্ধ করি। পরে বেলা ১১টার
দিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সানাউল্লাহ এসে বকেয়া পাওয়ার আশ্বাস দিলে তালা খুলে দিই।’
খামারে দৈনিক হাজিরা হিসাবে কাজ করেন পিয়ারী বেগম (৪২)। এখানকার রোজগার দিয়ে ছেলেকে লেখাপড়া করাচ্ছেন। ছেলে রিফাত জুয়েল এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। অথচ এ সময় মজুরি বন্ধ থাকায় পরীক্ষার সময় ছেলেকে একটু ভালোমন্দ খাওয়ানো কিংবা পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় হাতখরচের টাকাটুকুও তুলে দিতে পারছেন না।
শ্রমিক সরদার আবদুস সোবহান জানান, বারবার খামার কর্তৃপক্ষকে এসব শ্রমিকের মজুরি বকেয়া থাকার কথা জানানো হচ্ছে। কিন্তু তারা কিছুই বলছে না।
মহন ইক্ষু খামারের দায়িত্বে থাকা বোচাপুকুর ইক্ষু খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দবিরুল ইসলাম জানান, বকেয়া মজুরি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিল পাঠানো হয়েছে, কিন্তু কোনো আশ্বাস মেলেনি।
খামার ব্যবস্থাপক সাদেক আলী জানান, চিনিকলের চিনি বিক্রির ওপর কর্মচারী-শ্রমিকদের মজুরি দেওয়া না-দেওয়া নির্ভর করে। মিলের গুদামে অবিক্রীত চিনি পড়ে আছে। এসব চিনি বিক্রি না হলে শ্রমিকদের মজুরি পরিশোধ করা যাবে না।