চিনি বেগমের তেতো চিকিৎসা
মানসিকভাবে অসুস্থ এক নারীর চিকিৎসার নামে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন এক কথিত ফকির। মুখ, ঊরুসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া আছিয়া খাতুন (৫৫) নামের ওই নারী এখন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।পুলিশ এ অপচিকিৎসা দেওয়া চিনি বেগম ও তাঁর স্বামী নিজাম মিয়াকে গ্রেপ্তার করেছে। সদর উপজেলার বুড়িরচর গ্রামের বাসিন্দা দিনমজুর আবদুল লতিফ বলেছেন, তাঁর স্ত্রী আছিয়া খাতুন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। অর্থাভাবে তাঁর সুষ্ঠু চিকিৎসা করাতে পারছিলেন না। সম্প্রতি তিনি গ্রামে ‘ফকির’ হিসেবে পরিচিত চিনি বেগমের কাছে গিয়ে স্ত্রীর সমস্যার কথা বলেন। চিনি বেগম সব শুনে তাঁকে সুস্থ করার নিশ্চয়তা দেন। গত রোববার রাতে তিনি স্ত্রীকে ওই ‘ফকিরের’ বাসায় নিয়ে যান।আবদুল লতিফ বলেন, আছিয়াকে অন্য একটি ঘরে নিয়ে যান চিনি বেগম। দুই ঘণ্টা পর বের হয়ে তাঁকে আধা লিটার কেরোসিন, দিয়াশলাই ও ব্লেড আনতে বলেন। তিনি তা কিনে আনেন। এরপর চিনি বেগম তাঁর স্বামী নিজামকে দিয়ে আছিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তখন আছিয়া চিৎকার করে সাহায্য চান। স্বামী আবদুল লতিফ বলেন, ‘আমি আগুন নেভাতে গেলে চিনি বেগম ও তাঁর স্বামী বাধা দেন। এরপর চিনি বেগম নিজেই আছিয়ার শরীরে পানি ঢেলে আগুন নিভিয়ে দেন। আছিয়াকে গুরুতর আহত অবস্থায় রেখে তাঁর পাশে বসে সারারাত জিকির করেন তিনি।’বুড়িরচর গ্রামের লোকজন জানান, সোমবার সকালে তাঁরা চিনি বেগমের বাসায় গিয়ে দেখেন আছিয়া অচেতন অবস্থায় পড়ে আছেন। আবদুল লতিফ তাঁদের ঘটনা খুলে বলেন। এলাকাবাসী তখন বিষয়টি সাংবাদিকদের জানান। সাংবাদিকেরা পুলিশ সুপার মাহবুব হাকিমকে জানালে তিনি আছিয়াকে হাসপাতালে ভর্তি এবং ভণ্ড ফকির চিনি ও তাঁর স্বামীকে গ্রেপ্তারের নির্দেশ দেন।সোমবার বিকেলে বরগুনা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আছিয়াকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। চিনি ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়।আছিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আর্থিক সহায়তায় গতকাল তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সালাম গতকাল সকালে প্রথম আলোকে জানান, আছিয়া খাতুনের মুখমণ্ডল, ডান ঊরু ও কানসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। অবস্থা খুবই সংকটাপন্ন হওয়ায় তাঁকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।এসআই মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতারণা, গুরুতর জখম ও পারস্পরিক যোগসাজশে অপরাধ করার অভিযোগে চিনি ও তাঁর স্বামীকে আসামি করে তিনি বাদী হয়ে মামলা করেছেন। এসআই জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিনি বেগম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।