চিনিকল কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের সমাবেশ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলে গত বৃহস্পতিবার রাতে কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের সমাবেশ হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আবদুর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব প্রকৌশলী মাহবুবর রহমান, প্রধান প্রকৌশলী আহসান ছিদ্দিক, পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক, ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েত হোসেন। বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফরুল্লাহ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি দেলোয়ার হোসেন বলেন, চিনিশিল্পকে বাঁচিয়ে রাখতে এবং আখচাষি ও মিলের শ্রমিক-কর্মচারীদের পেশাগত স্বার্থেই আখের চাষ বাড়াতে হবে।দেশের চিনিশিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে সরকার প্রতি কেজি চিনির মূল্য ৪৮ টাকার স্থলে ৬০ টাকায় বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বিষয়টির সমালোচনা না করে জাতীয় স্বার্থে ইতিবাচক ও গঠনমূলক সংবাদ পরিবেশন করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
সমাবেশে ২০১৬-১৭ আখমাড়াই মৌসুমে চিনিকলের রক্ষণাবেক্ষণ অগ্রগতি, রোপা ও আগাম চাষ এবং কারখানায় আখ সরবরাহ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।