ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গতকাল রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর মহিমাগঞ্জ চিনিকল কার্যালয় ঘেরাও করেন শ্রমিকেরা। গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। সমাবেশে বক্তব্য দেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মিলের ৮১২ জন শ্রমিক-কর্মচারীর প্রায় দুই কোটি টাকা বেতন-ভাতা বকেয়া রাখা হয়েছে। এ ছাড়া কাজ নেই, বেতন নেই ভিত্তিতে নিয়োগ করা ৫০০ শ্রমিকের ভাতা এখনো পরিশোধ করা হয়নি।
বক্তারা বলেন, এ অবস্থায় আসন্ন ঈদের বাজার দূরের কথা, গত তিন মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মিল শ্রমিকেরা। কয়েক দিন পরেই ঈদ। কিন্তু এখনো বেতন-ভাতা দেওয়ার কোনো উদ্যোগ নেই। তাঁরা আরও বলেন, আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে বেতন-ভাতা ও বোনাস দেওয়া না হলে চিনিকল কার্যালয়ে তালা লাগিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হবে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বলেন, শিল্প সংস্থা ঋণ করে বেতন-ভাতা পরিশোধের পরিকল্পনা করছে।