১৮ দলের অবরোধের কারণে ঠাকুরগাঁও চিনিকলে আখ আনতে না পারায় মাড়াইয়ের কাজ বন্ধ রয়েছে। চলতি বছরের গত শুক্রবার আখমাড়াইয়ের কাজ শুরু হয়। এ অবস্থায় কারখানা সচল রাখতে আখচাষি ও কারখানা কর্তৃপক্ষ ১৮ দলের নেতাদের কাছে আখ পরিবহনকে অবরোধের আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়েছে।
চিনিকল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মিলের ডোঙায় আখ ফেলে মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আখচাষি হাশেম আলী সর্দার। এবার এক লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে আট হাজার ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ শতাংশ। এই কারখানার অধীনে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলা ও দিনাজপুরের বীরগঞ্জ মিলে মোট ৪৯টি আখ ক্রয়কেন্দ্র রয়েছে। ওই সব ক্রয়কেন্দ্র থেকে ১৫টি ট্রাক ও ৫০টি ট্রাক্টরে করে কারখানায় আখ সরবরাহ করা হয়। এ ছাড়া কারখানার ফটকে রয়েছে আরও দুটি ক্রয়কেন্দ্র। যেখানে চাষিরা সরাসরি আখ বিক্রি করেন। শুক্রবার থেকে তিন হাজার ৮১০ মেট্রিক টন আখ পরিবহন করে মাড়াই শেষে ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। কিন্তু আখ পরিবহন করতে না পারায় গতকাল মঙ্গলবার সকাল থেকে আখের সংকটে কারখানার মাড়াইকাজ বন্ধ রয়েছে।
ঠাকুরগাঁও চিনিকলের কেন্দ্রীয় আখ চাষি সমিতির সভাপতি রুহুল আমীন বলেন, চিনিকলে আখের সংকটের আশঙ্কা থেকে গত কয়েক দিন ১৮ দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে আখ পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনগুলোকে অবরোধের আওতামুক্ত রাখার অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা অনুরোধ রাখেননি। এভাবে চলতে থাকলে শিল্পটি বন্ধ হয়ে যাবে।
ইক্ষু চাষি কল্যাণ তহবিলের সভাপতি ইউনুস আলী বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমানকে অনুরোধ করা হলে আখের পরিবহনগুলোকে অবরোধের আওতামুক্ত রাখার বিষয়ে আশ্বাস দেন।
ক্ষোভ প্রকাশ করে সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের আখচাষি খলিলুর রহমান বলেন, ‘এমনিতেই প্রায় ১৫ দিন দেরিতে মিল চালু হয়েছে। দেরিতে আখ কাটার ফলে আখ শুকিয়ে ওজন কমে গেছে। তাই মিল চালুর পর তিন একর জমির আখ কেটে ফেলেছি। এখন অবরোধের কারণে মিলের গেটে নিয়ে যেতে পারছি না।’ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুল আজিজ বলেন, কারখানাটি আজ (মঙ্গলবার) সকাল থেকে আখের সংকটের কারণে বন্ধ রয়েছে। বিএনপির নেতা তৈমুর রহমান বলেন, ‘বিষয়টি জেলা কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’