চিনিকলের আখ যাচ্ছে গুড় তৈরির কারখানায়
ঠাকুরগাঁও চিনিকলের চুক্তিবদ্ধ অনেক কৃষক চিনিকলে আখ সরবরাহ না করে আখের অবৈধ গুড় তৈরির কারখানায় সরবরাহ করছেন বলে অভিযোগ উঠেছে। একদিকে আখের আবাদ কমে যাওয়া ও অন্যদিকে চুক্তিবদ্ধ চাষিরা তাঁদের আখ গুড় তৈরির কারখানায় বিক্রি করায় প্রায় প্রতিবছরই ঠাকুরগাঁও চিনিকল আখসংকটে পড়ে।ঠাকুরগাঁও চিনিকল সূত্রে জানা গেছে, গত উৎপাদন মৌসুমে এক লাখ ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ঠাকুরগাঁও চিনিকল ৮৮ হাজার মেট্রিক টন আখ সরবরাহ পায়। গত আবাদ মৌসুমে ১২ হাজার একরে আখ চাষের পরিকল্পনা থাকলেও আবাদ হয় নয় হাজার ৩৩ একর জমিতে। ওই জমিতে উৎপাদিত এক লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ চলতি মৌসুমে মাড়াই করে সাড়ে আট হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।চিনিকলের উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) আবদুল কাদের জানান, চিনিকলের পাঁচ হাজার ৪০০ জন চুক্তিবদ্ধ চাষির মধ্যে ৪০ শতাংশের আখ চলে যায় গুড়ের কারখানায়। ফলে প্রায় প্রতিবছর চিনিকল আখসংকটে পড়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না।গত বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন, খোচাবাড়ি ও মোহামঞ্চদপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, চিনিকলে চুক্তিবদ্ধ মোহামঞ্চদপুর গ্রামের কৃষক পয়গাম আলী, নারগুনের শরিফুল ও আবদুল মালেক জমির আখ কেটে ফেলছেন।নারগুনের সফিউল ইসলাম জানান, চিনিকলে আখের দাম প্রতি মণ ১০০ টাকা। আখের টাকা পেতে ভোগান্তি পোহাতে হয়। অথচ গুড় তৈরির কারখানায় প্রতি মণ আখ ১১০-১২০ টাকায় বিক্রি করা যাচ্ছে। গুড় তৈরির কারখানার মালিকেরা খেত থেকেই আখ নিয়ে যান। এসব কারণে অনেক কৃষক তাঁদের কাছে আখ বিক্রি করছেন। সদর উপজেলার মোহামঞ্চদপুর গ্রামের মো. বাদল, মণ্ডলপাড়ার মনতাজ আলী, মনসুর আলী, বেসারউদ্দিন ও খিরাজুল ইসলাম নিজেদের কারখানায় আখের গুড় তৈরি করেন। মনসুর আলী বলেন, এক মণ আখে তিন কেজি গুড় তৈরি হয়। গুড় তৈরি ও বিক্রি করে অনেক বেশি লাভ পাওয়া যায়। বাজারে বর্তমানে প্রতি কেজি গুড় ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিবেন্দ্র নাথ সরকার জানান, যান্ত্রিক ত্রুটির কারণে প্রতি মৌসুমে মিল শতাধিক ঘণ্টা বন্ধ থাকে। তার পরও এবার আখচাষিরা গুড় তৈরির কারখানায় আখ সরবরাহ না করলে বা নিজেরাই আখ মাড়াই না করে তা চিনিকলে দিলে লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে।চিনিকল এলাকায় গুড় তৈরির কারখানা করা নিষিদ্ধ। এ বছর প্রশাসনের সহায়তায় অভিযান চালিয়ে গুড় তৈরির দুটি কারখানার সরঞ্জাম জব্দ করা হয়েছে। আর গত বছর চুক্তিবদ্ধ হয়েও চিনিকলে আখ দেননি এমন ৭৯ জন কৃষকের বিরুদ্ধে তাঁরা মামলা করেছেন। চলতি বছর এমন ১৬ জনের নামে মামলা করা হয়েছে।