চিনিকলের কল্যাণ তহবিলের সাড়ে ২৮ লাখ টাকার হদিস নেই
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকল শ্রমিককল্যাণ তহবিলের প্রায় সাড়ে ২৮ লাখ টাকার হদিস পাওয়া যাচ্ছে না। ওই চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ওই তহবিলের জমা দেওয়া টাকা ফেরত চেয়ে চিনিকল ব্যবস্থাপনা পরিচালক বরাবর গত মাসে লিখিত আবেদন দিয়েছে।লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময় চিনিকলের ৮৭৫ জন শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা থেকে ২৮ লাখ ২৮ হাজার ৮৬ টাকা কেটে রংপুর চিনিকল শ্রমিককল্যাণ তহবিলে জমা করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল তৎকালীন সরকার চিনিকলটি বন্ধ ঘোষণা করে। ওই সময় শ্রমিকদের অন্যান্য পাওনা বুঝিয়ে দেওয়া হলেও শ্রমিককল্যাণ তহবিলে জমা দেওয়া টাকা পরিশোধ করা হয়নি। তিন বছর বন্ধ থাকার পর ২০০৭ সালে চিনিকলটি পুনরায় সরকারিভাবে চালু করা হয়। কিন্তু এ সময়ও শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা পরিশোধ করা হয়নি। এমনকি ২০০৭ সালে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম খান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার হিসাব নিয়ন্ত্রককে শ্রমিককল্যাণ তহবিলের ওই টাকা ফেরত দিতে চিঠি দেন। কিন্তু আজও ওই তহবিলের টাকা ফেরত দেওয়া হয়নি। চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মতিন অভিযোগ করেন, তহবিলটি পুরোপুরি ৮৭৫ জন শ্রমিক-কর্মচারীর চাঁদার টাকায় গঠিত। বন্ধ ঘোষণার পর অন্যান্য পাওনার সঙ্গে এই তহবিলের টাকা পরিশোধের কথা থাকলেও চিনিকল কর্তৃপক্ষ গতকাল ২৫ অক্টোবর পর্যন্ত তা পরিশোধ করেনি। কর্তৃপক্ষ এই টাকার কোনো হদিস দিতে পারছে না। ফলে শ্রমিক-কর্মচারীরা দিশেহারা হয়ে পড়েছেন। রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মদনমোহন সাহা বলেন, ‘কাগজে-কলমে কল্যাণ তহবিলের টাকা জমা থাকলেও ওই তহবিলে বর্তমানে কোনো টাকা নেই। ওই তহবিলের টাকা কোথায় খরচ করা হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।’