চিনিকলের জমি থেকে প্রধানমন্ত্রীর ছবি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে নন্দা বাণিজ্যিক খামারে টাঙানো প্রধানমন্ত্রীর ছবিসংবলিত সাইনবোর্ড গত রোববার রাতে সরিয়ে ফেলা হয়েছে। তবে স্থানীয় আওয়ামী লীগের লোকজন বলছেন, কারা এ ছবি সরিয়েছে, তা তাঁরা জানেন না।
রাজশাহীর চারঘাট উপজেলার বামনদীঘি গ্রামের এই খামারের মালিক নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেড। খামারের একাংশে বিরাট একটি সাইনবোর্ড টাঙিয়ে খেলার মাঠের জন্য প্রায় তিন একর জমি দখল করা হয়েছিল। সে সাইনবোর্ডে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ছবিসহ মোট পাঁচটি ছবি ছিল। জায়গা দখল করে মাঠের নাম দেওয়া হয়েছিল ‘বামনদীঘি বঙ্গবন্ধু স্মৃতি ক্রীড়া মাঠ’। এ নিয়ে গত রোববার প্রথম আলোতে ‘প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে চিনিকলের জমি দখল’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
নন্দা বাণিজ্যিক খামারের প্রধান শাহীন উদ্দিন বলেন, স্থানীয় লোকজন তাঁর খামারের লোকজনের বিরুদ্ধে এই সাইনবোর্ড সরানোর অভিযোগ করছেন। অথচ তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না।
বামনদীঘি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন গতকাল সোমবার সকালে বলেন, রাতে কে বা কারা সাইনবোর্ডটি সরিয়ে ফেলেছে।