চিনিকলের জমি দখলমুক্ত করার দাবি শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তাহার-লালমনিরহাট রেলরুটের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে গতকাল বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রেলপথ অবরোধ করেন রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা ও স্থানীয় ব্যক্তিরা। চিনিকলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখা ওই কর্মসূচির আয়োজন করে।
পরে একটি বিক্ষোভ মিছিল মহিমাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের চিনিকলের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন রংপুর চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মতিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, রংপুর চিনিকল আখ চাষি ইউনিয়নের সভাপতি জিন্নাত আলী প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আহ্বায়ক তৌকির হাসান, যুগ্ম আহ্বায়ক মমিন শেখ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬২ সালে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য গোবিন্দগঞ্জের মাদারপুর, রামপুরা, সাপমারা, ফকিরগঞ্জ ও সাহেবগঞ্জ এলাকায় ১ হাজার ৮৪০ একর জমি অধিগ্রহণ করে। কিন্তু এলাকার কতিপয় ব্যক্তি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনকে উসকানি দিয়ে ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখল করে ঘর নির্মাণ করান। বক্তারা অবিলম্বে চিনিকলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানান।
এ বিষয়ে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল গতকাল বিকেল পাঁচটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনো চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই সব জমি সরকারের কাছে চলে যাবে।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার কমিটির সহসভাপতি সিলিমিন বাক্সে বলেন, চুক্তি অনুযায়ী কখনো ওই সব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়ার কথা। অথচ কিছুদিন ধরে ওই সব জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হচ্ছে না। তাই দখলের ঘটনা ঘটেছে।