চিনিকলের জমি দখলমুক্ত করার দাবিতে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে গতকাল মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। মহিমাগঞ্জে রংপুর চিনিকলের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও চিনিকল আখচাষি সমিতির ডাকে ওই হরতাল পালিত হয়। সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের সময় মহিমাগঞ্জ বাজারের সব দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ ছাড়া মহিমাগঞ্জ রেলস্টেশন অবরোধ করে রাখেন হরতালকারীরা।
সকাল সাতটার দিকে হরতালকারীরা মহিমাগঞ্জ রেলস্টেশনে রেলপথের ওপর শুয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহিমাগঞ্জ স্টেশনে বোনারপাড়া থেকে সান্তাহারগামী ট্রেন তিন ঘণ্টা আটকে থাকে। পরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী চিনিকলের জমিতে উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিলে সকাল ১০টায় রেলপথ অবরোধ তুলে নেওয়া হয়।
দুপুর ১২টায় চিনিকলের প্রধান ফটকের সামনে সমাবেশ হয়। রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিনের সভাপতিত্বে বক্তব্য দেন মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, আখচাষি সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি আবদুস ছালাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত চিনিকল কর্তৃপক্ষ ১৯৬২ সালে আখ চাষের জন্য উপজেলার সাপমারা ও কাটাবাড়ী ইউনিয়নে ১ হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে। তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু দুই বছর আগে এসব জমি বাপ-দাদার দাবি করে আন্দোলনে নামেন নৃগোষ্ঠীর লোকজন। আন্দোলনের একপর্যায়ে নৃগোষ্ঠীর কিছু লোক গত ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখলে নিয়ে একচালা ঘর নির্মাণ করেন। ওই দিন থেকে তাঁরা তির-ধনুক নিয়ে জমি পাহাড়া দিচ্ছেন। এরপর থেকে চিনিকলের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে তিন মাস ধরে আন্দোলন চালানো হচ্ছে। কিন্তু প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুদল আউয়াল বলেন, জমি অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনো চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই সব জমি সরকারের কাছে চলে যাবে। অথচ এলাকার কতিপয় সুবিধাবাদী ব্যক্তির উসকানিতে নৃগোষ্ঠীর কিছু লোক অবৈধভাবে চিনিকলের জমি দখল করেন।
এ বিষয়ে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে বলেন, চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের সময় জমির মালিকদের সঙ্গে চুক্তি করে। সেখানে কখনো ওই সব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়ার কথা বলা হয়। কিন্তু কিছুদিন ধরে ওই সব জমিতে ধান ও তামাকের চাষ হচ্ছে, অথচ জমি ফেরত দেওয়া হয়নি। তাই দখলের ঘটনা ঘটে।