চিনিকলের জমিতে সৈনিক লীগ নেতার অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের কৃষিজমি ইজারা নিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল হাসান ওরফে লিটন চৌধুরী। স্থাপনা সরিয়ে নিতে বারবার নোটিশ দেওয়া হলেও তিনি তা মানছেন না। লিটন চৌধুরী গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীর ভাই।রংপুর চিনিকল সূত্র জানায়, উপজেলার সাপমারা ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় চিনিকলের ১১৩ একর জমি ২০১০ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ইজারা নেন লিটন চৌধুরী। ইজারার শর্তানুযায়ী গ্রহীতা এই জমিতে কৃষিকাজ ছাড়া কোনো অবকাঠামো নির্মাণ করতে পারবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক সাহেবগঞ্জ এলাকার একজন শিক্ষক বলেন, লিটন চৌধুরী ভাইয়ের প্রভাবে অবৈধভাবে এসব অবকাঠামো নির্মাণ করেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও তারা উচ্ছেদ করতে পারছে না।সরেজমিন দেখা যায়, ইজারা নেওয়া কৃষিজমিতে ধানের চাতাল, চাতালের পাশে গুদামঘর এবং এর পাশেই বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছে হাওয়াখানা। চিনিকল কর্তৃপক্ষ এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তাঁকে একাধিকবার নোটিশ দেয়। কিন্তু তিনি নোটিশের কোনো তোয়াক্কা করছেন না। উপরন্তু নতুন করে চিনিকলের জমি ইজারা নেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ চিনিকলের জমিতে অবৈধভাবে স্থাপনা চাতাল নির্মাণের কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এসব অবকাঠামো নির্মাণের সময় বাধা দেওয়া হয়েছিল। পরে ভেঙে ফেলার জন্য বারবার নোটিশ দিয়েও কোনো কাজ হচ্ছে না। অবৈধ স্থাপনা দখল উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে। গাইবান্ধার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, উচ্ছেদের কথা মৌখিকভাবে বললেও চিনিকল কর্তৃপক্ষ লিখিতভাবে জানায়নি। ফলে উচ্ছেদ কার্যক্রম চালানো যাচ্ছে না।লিটন চৌধুরী সাংসদ ভাইয়ের প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ইজারা নেওয়ার আগে এসব জমি পরিত্যক্ত ছিল। এখন চাষাবাদ করায় তাঁর সঙ্গে চিনিকলও লাভবান হচ্ছে। পাশাপাশি প্রায় ২০০ জন স্থানীয় কৃষি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া বিস্তীর্ণ ফসলের মাঠে কর্তন মৌসুমে ধান রাখার জন্য কোনো ফাঁকা জায়গা নেই। তাই লিজের মেয়াদ শেষে নিজের খরচে ভেঙে ফেলার শর্তে চাতালসহ এসব অবকাঠামো নির্মাণ করা হয়েছে। চিনিকল কর্তৃপক্ষ অবকাঠামো নির্মাণের জন্য লিখিত অনুমতি দিয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, চিনিকলের জমি অনেকে বেদখল করেছে। সাংসদের ভাই বলে তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পরও এসব অবকাঠামো ভেঙে না ফেলা প্রসঙ্গে লিটন বলেন, এ বছর নতুন করে জমি ইজারা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে, তাই ভাঙা হচ্ছে না।এ প্রসঙ্গে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, চিনিকলের পক্ষ থেকে তাঁকে কোনো লিখিত অনুমতি দেওয়া হয়নি।স্থানীয় সাংসদ মনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, প্রভাব খাটানোর অভিযোগ সঠিক নয়। কারণ, ইজারা নেওয়ার বিষয়টিই তিনি পরে জেনেছেন। ফসল রাখার সুবিধার্থে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে তিনি জেনেছেন।