চিনিকলের বর্জ্যে ফের দূষিত তুলসীগঙ্গা নদী
জয়পুরহাট চিনিকলের অপরিশোধিত বর্জ্যে জেলার আক্কেলপুর উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর পানি কালচে রং ধারণ করেছে। ব্যাপক দূষণে নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা মাছ ও পোকামাকড়শূন্য হয়ে পড়েছে। নদীর পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল গতকাল মঙ্গলবার বলেন, উপজেলা মৎস্য দপ্তর থেকে কিছুদিন আগে তুলসীগঙ্গা নদীতে রেণুপোনা ছাড়া হয়েছিল। চিনিকলের বর্জ্যে এখন এই নদীর পানি দূষিত হয়ে পড়েছে। এখন আর নদীতে ওই সব মাছ বেঁচে নেই। এমনকি নদীতে বসবাসকারী পোকামাকড়ও মরে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু হোসেন বলেন, নদীর পানি দূষিত হয়ে পড়েছে। এই পানি দিয়ে সেচকাজ করলে খেতের ফসলও নষ্ট হয়ে যাবে। কৃষকদের নদীর পানি দিয়ে সেচকাজ না করতে সতর্ক করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সোনামুখী খেয়াঘাট থেকে শুরু হয়ে হলহলিয়া রেলসেতু এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার তুলসীগঙ্গা নদীর পানি কালচে রং ধারণ করেছে। ওই নদীর প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে কৃষকদের সেচকাজে এ পানি ব্যবহার করতে দেখা যায়নি।
স্থানীয় লোকজন জানান, বছরের পর বছর ধরে জয়পুরহাট চিনিকলের অপরিশোধিত বর্জ্য তুলসীগঙ্গা নদীতে ফেলা হচ্ছে। চিনিকল চালুর পর প্রতিবছরই তুলসীগঙ্গা নদীর পানি দূষিত হয়ে মাছ ও পোকামাকড় মরে যায়। নদীটি বাঁচাতে গত বছর আক্কেলপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা সদরে মানববন্ধন করা হয়। এ ছাড়া এলাকাবাসী স্থানীয় সাংসদ আবু সাঈদ আল মাহমুদকে স্মারকলিপিও দেন। এরপরও চিনিকলের অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চিনিকল চালুর পর ফের নদীতে বর্জ্য ফেলছে তারা।
নদীপারের বাসিন্দারা জানান, তাঁরা নদীর পানিতে গোসল করতেন। সেচকাজে এ পানি ব্যবহার করতেন। চিনিকলের বর্জ্যে পানি দূষিত হয়ে পড়েছে। তাঁরা এখন নদীর পানি ব্যবহার করতে পারছেন না। নদীতে উজানের পানি না আসা পর্যন্ত এ দুর্গন্ধ কাটবে না।
পৌর সদরের শ্রীকৃষ্টপুর মহল্লার বাসিন্দা বেলাল হোসেন, তুলসীগঙ্গা নদীর সেবামুখী খেয়াঘাট থেকে হলহলিয়া রেলসেতু পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার নদীর পানি কালচে হয়ে গেছে। নদীর পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
আক্কেলপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, চিনিকলের বর্জ্যে তুলসীগঙ্গা নদীর পানি দূষিত হয়েছে। মেয়রের দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস ছালাম গতকাল দুপুরে বলেন, চিনিকলের বর্জ্যে পানি আটকে রাখা হয়েছে। তুলসীগঙ্গা নদীর পানি কীভাবে দূষিত হচ্ছে, তা তিনি জানেন না। চিনিকলে ইটিপি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।