চিনির দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্য মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কাজে অসন্তোষ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। চিনির দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর এই অসন্তোষ প্রকাশ করা হয়।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিটির সভাপতি অলি আহমদ। এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ দুটো মন্ত্রণালয়ের কাজ নিয়ে আলোচনা করা হয়। চিনির দাম বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের গাফিলতিকে দায়ী করেন অলি আহমদ। তিনি বলেন, গত বছরের প্রথম দিকে কমিটির এক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় বলেছিল, চিনি নিয়ে কোনো সমস্যা হবে না। তখন চিনির দাম ছিল ৩০ থেকে ৩২ টাকা। আর এখন তা বেড়ে ৬০ টাকা হয়েছে। ফলে এটি স্পষ্ট যে চিনির দাম নিয়ন্ত্রণে এ মন্ত্রণালয় পুরো ব্যর্থ।কমিটির সভাপতি বলেন, ওই সময় সংসদীয় কমিটি বিদেশ থেকে কাঁচামাল এনে চিনিকলগুলো চালু রাখার সুপারিশ করেছিল। বাণিজ্য মন্ত্রণালয় এ সুপারিশ আমলে নিলে আজ চিনির দাম এত বেশি হতো না। তিনি বলেন, কীভাবে বাজার নিয়ন্ত্রিত হবে তা যদি বাণিজ্য মন্ত্রণালয়ই না বোঝে, তাহলে তো জনগণ ও সরকারের বিপদ।