চিনির বাজার আবার অস্থির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার অস্থির হলো চিনির বাজার। পাইকারি বাজারে গত এক সপ্তাহে প্রতি কেজি চিনির দর আট থেকে নয় টাকা বেড়েছে। আর খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০-৭২ টাকা, যা আগে ছিল ৬২-৬৩ টাকা।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চিনির সরবরাহ কম থাকায় দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অবশ্য দেশের সবচেয়ে বেশি চিনি সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ বলছে, তারা প্রতিদিন প্রায় ২ হাজার ৯০০ টন চিনি সরবরাহ করছে। এ ক্ষেত্রে কেজিপ্রতি দর নেওয়া হয়েছে ৪৮ টাকা ৭৬ পয়সা।
দেশে চিনির দাম বাড়তে শুরু করে পবিত্র রমজান শুরুর দুই মাস আগে। তখন প্রতি কেজি চিনি ৪৬ থেকে ৪৮ টাকা ছিল। সেখান থেকে বাড়তে বাড়তে রমজান মাসের শুরুতে হয় ৬২-৬৩ টাকা। এরপর বেশ কিছুদিন বাজার স্থির ছিল। গত সপ্তাহ থেকে আবার দাম বেড়ে বর্তমান পর্যায়ে পৌঁছেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক বছরে চিনির দাম প্রায় ৭৬ শতাংশ বেড়েছে।
রাজধানীতে চিনির সবচেয়ে বড় পাইকারি বাজার মৌলভীবাজারে গিয়ে গতকাল বৃহস্পতিবার দেখা যায়, তাৎক্ষণিকভাবে সরবরাহ করার মতো প্রতি বস্তা (৫০ কেজি) চিনির দর উঠেছে ৩ হাজার ৩৫০ টাকায়। এতে এক কেজির দাম পড়ছে ৬৭ টাকা। সপ্তাহ খানেক আগে ছিল ৫৮-৫৯ টাকা। ব্যবসায়ীরা বলেন, বাজারে চিনি নেই বললেই চলে। তাই সকাল-বিকেল দাম বাড়ছে।
মৌলভীবাজারে ক্রেতা সেজে ১০টি দোকান ঘুরেও চিনি দেখা যায়নি। সবশেষে ফজলু ট্রেডার্স নামের একটি দোকানে গিয়ে চিনি দেখা গেলেও বিক্রেতা দাবি করেন, ওই চিনি তাঁর নয়। তিনি দর বলতেও রাজি হননি।
পাইকারি চিনি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হাবিবের দোকান হাবিব ট্রেড ইন্টারন্যাশনালে গেলে তিনি নথিপত্র খুলে দেখিয়ে বলেন, সরবরাহ না থাকায় গত তিন-চার দিন তিনি চিনি বিক্রি করেননি।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে বছরে চিনির চাহিদা ১৪-১৫ লাখ টন। অন্যান্য মাসে এক লাখ টনের মতো চাহিদা থাকলেও রমজান মাসে তা বেড়ে হয় আড়াই লাখ টনেরও বেশি। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে প্রায় ১৭ লাখ টন চিনি ঢুকেছে। ৬ দশমিক ২৫ শতাংশ প্রক্রিয়াজাতকরণের ঘাটতি বাদ দিলে প্রায় ১৬ লাখ টন চিনি উৎপাদিত হওয়ার কথা। অন্যদিকে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের কাছে রমজান মাসের আগে প্রায় এক লাখ টন চিনি ছিল।
চিনির বাজারে এ অস্থিরতা সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে দর বেড়ে যাওয়ায়। বিশ্বব্যাংকের পণ্যমূল্য পূর্বাভাস অনুযায়ী, গত অক্টোবর-ডিসেম্বর সময়ে বিশ্ববাজারে প্রতি টন চিনির গড় দর ছিল ৩২০ মার্কিন ডলার। মে মাসে তা ৩৮০ ডলারে ওঠে।
এখন বাজারে যে চিনি বিক্রি হচ্ছে, তা আগে আমদানি করা। তখন আমদানিমূল্য অনেক কম ছিল। রমজান মাস শুরুর আগে বাণিজ্য মন্ত্রণালয় একটি হিসাব তৈরি করেছিল, যেখানে সব খরচ, লাভসহ খুচরা বাজারে এক কেজি চিনির কাঙ্ক্ষিত দর ধরা হয়েছিল ৫৫ টাকা।
গত ১৬ জুন বাংলাদেশ ট্যারিফ কমিশন চিনি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে। ওই বৈঠক শেষে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ সাংবাদিকদের বলেছিলেন, তাঁরা ৫৪-৫৫ টাকা দরে চিনি বিক্রির সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবেন।
সিটি গ্রুপ যে হিসাব দিয়েছে, তাতে দেখা যায়, মিলগেটের মূল্য ও খুচরা মূল্যের মধ্যে প্রতি কেজি চিনিতে পার্থক্য ২৩ টাকা। সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, তাঁরা গত দুই দিন ৪৮ টাকা ৭৬ পয়সা দরে চিনি বিক্রি করেছেন। তিনি গত মঙ্গল ও বুধবার কোন কোন পরিবেশকের কাছে চিনি বিক্রি করেছেন, তার একটি তালিকাও দেন। ওই তালিকা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ তালিকায় দেখা যায়, মৌলভীবাজারের বাণিজ্য বিতান মঙ্গল ও বুধবার ১২৮ টন চিনি সরবরাহ পেয়েছে। জানতে চাইলে বাণিজ্য বিতানের মালিক আবুল হাশেম বলেন, এসব চিনির সরবরাহ আদেশ (এসও) দুই-তিন মাস আগের। এগুলো হাতবদল হয়ে কার কাছে পৌঁছেছে, কে চিনি উত্তোলন করেছে, তা তিনি জানেন না। মিলগুলো নতুন করে এসও দিচ্ছে না দাবি করে তিনি বলেন, সরবরাহের সংকট হলেই বাজারে দাম বাড়ে। এ বছর তা-ই হয়েছে। ভোজ্যতেলের কোনো সংকট নেই। তাই এবার ভোজ্যতেলের দাম বৃদ্ধির বদলে কমেছে।
সিটি গ্রুপের তালিকা অনুযায়ী হাবিব ট্রেড ইন্টারন্যাশনালকে মঙ্গল ও বুধবার ১৭৬ টন চিনি সরবরাহ করা হয়েছে। জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হাবিব বলেন, ‘এ তথ্য সত্য নয়। পুরো রোজায় আমি দুবার ১০ টন করে চিনি পেয়েছি। তা কত দরে বিক্রি করেছি, তার পুরো নথিপত্র আছে।’
এদিকে কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি গতকাল সকালে ৩ হাজার ৩৮০ টাকা বস্তা (৫০ কেজি) দরে চিনি কিনেছেন। এতে প্রতি কেজির দাম পড়েছে ৬৭ টাকা ৬০ পয়সা।
গতকাল কারওয়ান বাজারের খুচরা দোকানে ৬৮-৭০ টাকা দরে চিনি বিক্রি করতে দেখা গেছে। কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সেসব বাজারে ৭০-৭২ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে যাঁর কাছে আগে কেনা চিনি আছে, তিনি কিছুটা কম দরে বিক্রি করছেন।