চিনির বাজার জিম্মি করায় ২০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামে চিনির পাইকারি বাজারে কারসাজি করার দায়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম ও বিক্রয় ব্যবস্থাপক জানে আলমকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে খাতুনগঞ্জে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ বুধবার এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এ সময় র‍্যাব সদস্যরাও ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রামের পাইকারি চিনির বাজারের বড় অংশ নিয়ন্ত্রণ করে মীর গ্রুপ। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতি কেজি চিনি ৪৬ টাকায় কিনে পাইকারি বাজারে ৫৮ টাকায় বিক্রি করছে। সেই চিনিই সাধারণ ক্রেতাকে খুচরা বাজার থেকে ৬৫ টাকা কেজি করে কিনতে হচ্ছে।

ছোলা ও চিনির দাম তদারকিতে আজ সকালে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জে যান ভ্রাম্যমাণ আদালত। প্রথমে ছোলার দাম তদারকি করতে কয়েকটি দোকানে অভিযান চালান তাঁরা। এ সময় বেশি দামে ছোলা বিক্রি করায় মেসার্স মাসুদ ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মীর গ্রুপের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

মীর গ্রুপের কাগজপত্র পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত দেখেন, প্রতিষ্ঠানটি প্রতি কেজি চিনি বিক্রিতে ১২ টাকা করে লাভ করছে। এরপর বেলা একটার দিকে প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক জানে আলম ও দুই কর্মচারীকে আটক করে জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঘণ্টা খানেক পর প্রতিষ্ঠানের এমডি আবদুস সালাম ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির হন। তখন ভ্রাম্যমাণ আদালত আবদুস সালাম ও জানে আলমকে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে যে রোজা উপলক্ষে মীর গ্রুপ প্রতিদিন বাজারে দুই হাজার মেট্রিক টন চিনি বিক্রি করছে। গত ১০ দিনে ধাপে ধাপে চিনির দাম বাড়িয়ে দিয়েছে তারা। এখন তাদের লাভ প্রতি কেজিতে ১২ টাকা। সাধারণ মানুষকে জিম্মি করে লাভ করার কারণে প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের কার্যালয়ে মীর গ্রুপের এমডি সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘দাম নিয়ে একটা ভুল–বোঝাবুঝি হয়েছে। ৪৬ টাকায় চিনি কেনার কথা হয়েছে। কিন্তু এখনো সেটি পাইনি। এর আগে চিনি কিনেছি ৫০ টাকায়, এর সঙ্গে প্রতি কেজিতে ৪ টাকা পরিবহন খরচ আছে। সব মিলিয়ে কেজিতে চার টাকার বেশি লাভ হচ্ছে না। কম দামে চিনি পেলে আমরাও দাম কমিয়ে দেব।’