চিনির শুল্ক প্রত্যাহার করা হতে পারে
রমজান মাস শুরুর আগেই চিনির ওপর আরোপিত নির্ধারিত শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার চিন্তা করছে সরকার। সাময়িক সময়ের জন্য পরিশোধিত ও অপরিশোধিত কোনো চিনির ওপরই শুল্ক রাখা হবে না বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।গত ১০ জুন বাজেট বক্তব্যে আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রতি টনে পরিশোধিত চিনির ওপর চার হাজার টাকা এবং অপরিশোধিত চিনির ওপর দুই হাজার টাকা শুল্ক আরোপের প্রস্তাব করেছেন। তবে এনবিআরের শীর্ষ পর্যায়ের একটি সূত্র বলেছে, আগামী রমজান মাসে মূল্য সহনীয় পর্যায়ে রাখতে চিনির ওপর আমদানি শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে শিগগিরই একটি পরিপত্র জারি করা হবে।গতবারও দুই ধরনের চিনির ওপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছিল। তবে এতে কোনো সময়সীমা উল্লেখ না থাকায় বছরব্যাপী সুবিধা ভোগ করে আসছিলেন আমদানিকারকেরা। তাই এবারের শুল্ক প্রত্যাহার নির্দিষ্ট সময়ের জন্য করা হবে বলে জানান এনবিআরের শীর্ষ এক কর্মকর্তা। অর্থাৎ এমন একটি সময়ে শুল্ক প্রত্যাহার করা হবে, যাতে আমদানিকারকেরা রমজান মাস শুরুর আগেই চিনি আমদানি করতে পারেন। আর ভোক্তাদের যাতে বাজার থেকে বাড়তি দামে চিনি কিনতে না হয়।২০০৯ সালের ১৪ আগস্ট পরিশোধিত চিনির ওপর টনপ্রতি শুল্ক সাত হাজার টাকা থেকে কমিয়ে চার হাজার টাকা নির্ধারণ করা হয়, আর অপরিশোধিত চিনির ওপর নির্ধারিত শুল্ক তিন হাজার টাকার পুরোটাই প্রত্যাহার করা হয়।