প্রযুক্তি মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার নিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে নানাভাবে। এ রকম একটি নতুন প্রযুুক্তি ভিডিও ডোর বেল এখন বাজারে পাওয়া যাচ্ছে।
প্রতিদিন বিভিন্ন বাসাবাড়িতে ঘটছে নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা। হয়তো বাসায় পুরুষ সদস্যরা যে যাঁর কাজে বেরিয়েছেন। বাচ্চারা গেছে স্কুলে। গৃহকর্ত্রী ব্যস্ত গৃহস্থালি কাজে। এমন সময়ে দরজার বাইরে থেকে বেজে উঠল কলবেল। এমন সময় তাড়াহুড়ো করে দরজা খুলতে গেলেন গৃহিণী, বাইরে কার উপস্থিতি তা না জেনেই। অনেক সময় এভাবে দরজা খুলতে গিয়ে নানা ঝামেলায় পড়তে হয়। এ অবস্থায় যদি আগে থেকেই নিশ্চিত হওয়া যায় বাইরের মানুষটির পরিচয়, তাহলে অনেক সুবিধা হয়। সতর্ক হয়ে এড়ানো যায় ঝামেলা। এই কাজ সহজ করে দিতেই প্রযুক্তি বাজারে এসেছে ভিডিও ডোর বেল।
এর বিশেষত্ব হলো, বেল টেপার সঙ্গে সঙ্গে আপনি ঘরের ভেতর থেকেই দেখতে পাবেন বাইরের মানুষটির চেহারা। কারণ, আপনার ঘরের ভেতরে থাকবে ছোট একটি মনিটর। কেউ কলবেলে চাপ দিলেই ওই মনিটরে ভেসে উঠবে আগন্তুকের ছবি। মনিটরের মাধ্যমে আপনি এমনিতেও দরজার বাইরের দৃশ্য দেখতে পাবেন। এতে রয়েছে ক্যালেন্ডার ও ঘড়ি। রয়েছে রাতের বেলায় বাইরের উপস্থিতি পর্যবেক্ষণের মতো স্বয়ংক্রিয় সংবেদনশীল আলো। মেমোরি কার্ড ছাড়াও সর্বশেষ ধারণ করা ২০০টির মতো ছবি জমা রাখার ব্যবস্থা আছে। মনিটরে বিদ্যুৎ-সংযোগের জন্য রিচার্জেবল লিথিয়াম ব্যাটারির ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশেষ ধরনের এই প্রযুক্তিসুবিধা আনা হয়েছে ভার্বেল নামের একটি বিদেশি প্রযুক্তিপ্রতিষ্ঠান থেকে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ফোন (০১৯১৫৪৫০৭৩৭) অথবা ই-মেইলে ([email protected]) যোগাযোগের মাধ্যমে। নিজস্ব প্রতিবেদক।