চিনে ফেলায় খুন হতে হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখোশ পরে ছিনতাইয়ে নেমেছিলেন তাঁরা তিনজন। হরিদাস চন্দ্রের পকেট থেকে ২০০ টাকা ও মুঠোফোন কেড়ে নিতে গিয়ে ধস্তাধস্তির সময় একজনের মুখোশ সরে যায়। চেহারা দেখেই চিনে ফেলেন হরিদাস চন্দ্র (৩৫)। চিনে ফেলায় মুহূর্তের মধ্যেই তাঁকে গলা কেটে খুন করেন ওই তিন ছিনতাইকারী। বগুড়ায় হরিদাস চন্দ্র হত্যা মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন মামলার দুই আসামি। হরিদাস পেশায় নরসুন্দর ছিলেন।
আজ মঙ্গলবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার দুই আসামি বগুড়া শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ার পান্না (২১) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার আকবাটি গ্রামের রনি (২০)। এ ছাড়া একই মামলায় গ্রেপ্তার হওয়া শহরতলির গোদারপাড়ার জনিকে (২৬) দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর রাতে শহরতলির ধরমপুর বাজারের সেলুন থেকে বড়কুমিড়া শ্বশুরবাড়ি ফেরার পথে হরিদাসকে গলা কেটে হত্যা করা হয়। তাঁর মরদেহ পরদিন সকালে রাস্তার পাশের একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়। হরিদাসের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার হরিপুর গ্রামে। দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করতেন বগুড়া সদরের বড় কুমিড়া হিন্দুপাড়ার শ্বশুরবাড়িতে। হরিদাসের খুনের পরদিন ৪ সেপ্টেম্বর তাঁর স্ত্রী কনতি রানী (৩০) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত করেন বগুড়া সদর থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম। পরে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পান্না ও রনি জানিয়েছেন, ৩ সেপ্টেম্বর রাতে তাঁরা দুজন ছাড়াও সহযোগী সুলতান (২১) ছিনতাই করতে বের হন। এ সময় তাঁরা বগুড়া শহরতলির ঝোপগাড়ি-বড় কুমিড়া সড়কে মুখোশ পরে ওত পেতে ছিলেন। রাত পৌনে ১২টার দিকে ধরমপুর বাজার থেকে সাইকেল চালিয়ে বড় কুমিড়ার দিকে আসছিলেন হরিদাস। এ সময় হরিদাসের পথরোধ করেন তাঁরা। সুলতান হাতে থাকা চাকু ধরেন হরিদাসের গলায়। রনি ও পান্না হরিদাসের বাইসাইকেল ও পকেট থেকে ২০০ টাকা ও মুঠোফোন কেড়ে নেন। এ সময় ধস্তাধস্তিতে সুলতানের মুখোশ খুলে যায় এবং হরিদাস তাঁকে চিনে ফেলেন। এ কারণেই হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। চাকু দিয়ে হরিদাসের শার্ট-প্যান্ট কেটে তাঁর হাত-পা ও মুখ বাঁধা হয়। প্রথমে রনি হরিদাসের গলায় চাকু দিয়ে আঘাত করেন। এরপর সুলতান হরিদাসকে গলা কেটে হত্যা করেন।

পিবিআই বগুড়া কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য জানিয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন বলেন, পান্না ও রনি সরাসরি হরিদাস খুনের সঙ্গে জড়িত। তাঁদের আরেক সহযোগী সুলতান এখনো পলাতক। আর হরিদাস হত্যায় ব্যবহৃত চাকু ছাড়াও একটি ছোড়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে জনির কাছ থেকে। এ জন্য তাঁকেও এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানান, পান্না, রনি ও সুলতান তিনজনই মাদকাসক্ত। নেশার টাকা জোগাতে তাঁরা ছিনতাই করতে গিয়ে হরিদাসকে খুন করেন। এই তিনজন দিনের বেলায় বাসের সহকারী হিসেবে কাজ করেন এবং রাতে ছিনতাই করেন। হরিদাস চন্দ্রের সাইকেলটি তাঁরা ৪০০ টাকায় বিক্রি করেছিলেন বলে জানা গেছে।