‘যেকোনো বিপদ সাহস নিয়ে মোকাবিলা করলে সফলতা আসবেই। আমাদের এমন প্রজন্ম তৈরি করতে হবে, যারা আলো-অন্ধকার, ভালো-মন্দের পার্থক্য তৈরি করতে পারবে। অন্য প্রাণী থেকে নিজেদের আলাদা করতে প্রত্যেকের চিন্তাকে শাণিত করতে হবে।’ চট্টগ্রামে কলেজ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
বিতর্কের সংগঠন দৃষ্টির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে ‘রয়েল সিমেন্ট-দৃষ্টি জাতীয় কলেজ বিতর্ক প্রতিযোগিতা’। প্রতিযোগিতা উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব ও বিতার্কিক আব্দুন নূর তুষার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, রয়েল সিমেন্টের ব্র্যান্ড ম্যানেজার ফয়সাল নাসির খান, শিল্প উদ্যোক্তা গোলাম বাকী মাসুদ ও কবি জিন্নাহ চৌধুরী।
বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের ২৪টি কলেজ অংশ নিচ্ছে। ২৩ ডিসেম্বর প্রতিযোগিতা শেষ হবে।
অনুষ্ঠানে আব্দুন নূর তুষার বলেন, ‘আমাদের এমন প্রজন্ম তৈরি করতে হবে, যারা আলো, অন্ধকার ও ভালো-মন্দের পার্থক্য তৈরি করতে পারবে। মানুষের প্রজ্বলিত অন্তরের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের চিন্তাকে শাণিত করতে পারলে আমরা অন্য প্রাণী থেকে নিজেদের আলাদা করতে পারব।’
প্রধান অতিথি সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, কঠিনকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেকোনো বড় বিপদে সাহস নিয়ে মোকাবিলা করলে সফলতা আসবেই।
অনুষ্ঠানের শুরুতে সোমা বোসের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যম একাডেমির শিশুশিল্পীরা।