চট্টগ্রামে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু শুধু চিন্তাই করেননি, এর বাস্তবায়নও করেছেন। বাঙালি সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে বিস্ময়করভাবে সব কাজ করে গেছেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম মিথ্যা ইতিহাস গ্রহণ করেনি। তারা ইতিহাসের সত্য বের করে এনেছে, গণজাগরণ ঘটিয়েছে। দেশে যদি কোনো সংকট তৈরি হয়, এই তরুণেরাই এগিয়ে আসবে। মুক্তচিন্তা ও সংস্কৃতির শক্তিতেই বাংলাদেশকে রক্ষা করবে তরুণসমাজ।
গতকাল শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আসাদুজ্জামান নূর। আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা হয়। এতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেমউদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী ও ওয়াশেকা আয়েশা খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
নগর আওয়ামী লীগের সভা: কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করে নগর আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, পেট্রলবোমা হামলা চালিয়ে মানুষ পুড়িয়ে মেরে আলোচনার শর্ত দেওয়া এ কোন রাজনীতি? যারা মানুষকে জিম্মি করে, তাদের উদ্দেশ্য সৎ নয়। এ দেশের মানুষ কোনো বর্বরতার কাছে আত্মসমর্পণ করেনি।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘লড়াই করে আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়ে গেছেন বঙ্গবন্ধু। কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না।’
অনুপম সেন বলেন, জনগণকে জিম্মি করা কোনো রাজনীতি হতে পারে না। এখন যা ঘটছে, তা রাজনীতি নয়।
এর আগে সকালে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন নগর আওয়ামী লীগের নেতারা। দিবসটি পালনে নগরের বিভিন্ন মোড়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।