চিফ হুইপ ও বাহাউদ্দিন নাছিমের উত্তপ্ত বাক্যবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দখলে একাধিক বাসা রাখার জেরে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেছেন সরকারদলীয় সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। গত সোমবার সন্ধ্যায় সংসদের চার নম্বর লবিতে এ ঘটনা ঘটে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বাহাউদ্দিন নাছিম ন্যাম ভবনে কোনো বাসা নেননি। তবে সংসদের এক নম্বর ব্লকের ১৪ নম্বর কক্ষটিকে তিনি নিজের অফিস হিসেবে ব্যবহার করছিলেন। সম্প্রতি চিফ হুইপ সেই কক্ষটিতে তালা লাগিয়ে দেন। সোমবার সন্ধ্যায় এ নিয়ে চিফ হুইপ ফিরোজ ও বাহাউদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাউদ্দিন চিফ হুইপকে বলেন, ‘কী হলো? নিজের দখলে চার-পাঁচটি বাসা রাখলেন! আমি কোনো বাসা নিলাম না। সংসদে একটি কক্ষ নিয়েছি। তাতে তালা লাগিয়ে দিলেন কেন?’ এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। আবুল হাসানাত আবদুল্লাহ ও জাহাঙ্গীর কবির নানক পরিস্থিতি সামাল দেন।

এ বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ আ স ম ফিরোজ ও বাহাউদ্দিন নাছিম কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনার আগে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ সম্পূরক বাজেটের ওপর আলোচনায় চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, ‘আপনি জায়গায় জায়গায় খানকায়ে শরিফ খুলবেন, আর জনগণ মোমবাতি জ্বালাবে, তা তো হয় না। চিফ হুইপের চার-পাঁচটি বাড়ি রয়েছে। এসব বাসা কোথায়, তাতে কে থাকে, তার সবই পত্রিকায় এসেছে। এটা হয়ে থাকলে তিনি সঠিক কাজ করেননি। জনগণের টাকা এভাবে অপচয় ঠিক নয়।’

৮ জুন প্রথম আলোতে ‘এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।