চিফ হুইপকে সংবর্ধনা জানাতে ১৫০ তোরণ
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ নিজ এলাকা পটুয়াখালীর বাউফলে আসছেন। এ উপলক্ষে উপজেলার বগা লঞ্চঘাট এলাকা থেকে কালাইয়া বন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সাজানো হয়েছে নানা রঙের পোস্টার, ব্যানার-ফেস্টুন ও শতাধিক তোরণে। আর তাতে শোভা পাচ্ছে চিফ হুইপের ছবি।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বেলা তিনটার দিকে বাউফল সদরের সরকারি পাবলিক মাঠে চিফ হুইপকে গণসংবর্ধনা দেওয়া হবে। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনর রশিদের সভাপতিত্ব করার কথা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গতকাল বিকেল পর্যন্ত ১২০টি তোরণ করা হয়েছে। দশটি তোরণের কাজ চলছিল। নির্মাণ হওয়া তোরণগুলোর মধ্যে আট-দশটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সৌজন্যে বানানো হয়েছে। পাঁচটি তোরণ বানানো হয়েছে উপজেলার পাঁচটি শিক্ষক সংগঠনের নামে। বাকি তোরণগুলো উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের পক্ষ থেকে বানানো হয়েছে। এ ছাড়া চিফ হুইপকে অভিনন্দন জানিয়ে দেয়াল, গাছ ও খুঁটির সঙ্গে লাগানো হয়েছে হাজার হাজার পোস্টার। টানানো হয়েছে কয়েক শ ব্যানার ও ফেস্টুন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদ্রাসার প্রধান বলেন, তাঁদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে আছেন আওয়ামী লীগের নেতারা। এ কারণে তাঁরা প্রতিষ্ঠানের খরচে তোরণ বানিয়েছেন। তাঁর প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা ব্যয়ে একটি তোরণ ও এক হাজার টাকা ব্যয়ে একটি ব্যানার বানানো হয়েছে।
তোরণ নির্মাণের কাজ করা এক ডেকোরেটর ব্যবসায়ী বলেন, যাঁরা আগে তোরণ বানিয়েছেন তাঁদের ১০-১২ হাজার টাকা খরচ হয়েছিল। এখন বাঁশ পাওয়া যাচ্ছে না। উপজেলার বাইরে থেকে অতিরিক্ত খরচ করে বাঁশ আনতে হচ্ছে। এ জন্য ১৬ হাজার টাকা করে খরচ পড়ছে।
যোগাযোগ করা হলে গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘তিনি (চিফ হুইপ) আমাদের গর্ব। এ কারণে তাঁকে সমঞ্চান জানাতে নেতা-কর্মীরা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা নিজেদের উদ্যোগে তোরণ বানিয়েছেন।’