নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফলে গত শুক্রবার সংবর্ধনা অনুষ্ঠানে সমর্থকদের কাছে ক্রেস্টের বদলে ক্যাশ (নগদ অর্থ) চাওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, তিনি ক্যাশ চেয়েছিলেন গল্পচ্ছলে।
গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে চিফ হুইপ এ কথা বলেন। কিন্তু প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে গতকাল প্রথম আলোয় পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, তিনি টাকা খরচ করে ক্রেস্ট না বানিয়ে সেই টাকা দিয়ে দলের জন্য কাজ করতে বলেছেন।
ওই সংবর্ধনা অনুষ্ঠানে চিফ হুইপের দেওয়া বক্তব্যের ভিডিও প্রথম আলো অনলাইনে রয়েছে। ওই বক্তব্যের সঙ্গে গতকালের ব্যাখ্যা মিলছে না।
চিফ হুইপের শুক্রবারের বক্তব্যকে গণতন্ত্র ও সুশাসনের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
চিফ হুইপের সংবাদ সম্মেলন: গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, ‘আমি “ক্যাশ” চেয়েছিলাম গল্পচ্ছলে। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। পত্রিকাগুলো এ-সম্পর্কিত খবর ছেপে অনৈতিক কাজ করেছে।’ তিনি দাবি করেন, তাঁর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের একটি অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা অন্য দলের সহযোগিতায় চক্রান্ত করছে। বিভিন্ন গণমাধ্যম তাঁর বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করে নেতিবাচক ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে। চরিত্র হননের চেষ্টা করেছে। সবার দুঃখ প্রকাশ করা উচিত।
নিজেকে জাতীয় পর্যায়ের নেতা দাবি করে আ স ম ফিরোজ বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে যাঁরা পত্রিকা পড়েন, তাঁদের মধ্যে একটা ভুল ধারণার সৃষ্টি হবে। তিনি বলেন, ‘সংবর্ধনা দেওয়ার জন্য ২৫-৩০ হাজার লোক জমায়েত হয়েছিল। উন্মুক্ত ময়দানে আয়োজিত অনুষ্ঠানটিতে কেবল ফুল ও ক্রেস্ট গ্রহণ করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। অন্ধকার নেমে এলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হবে—এই তাগাদা থেকে সভামঞ্চে ফুল ও ক্রেস্ট নিয়ে ভিড় জমানো কাছের নেতা-কর্মীদের গল্পচ্ছলে ফুল ও ক্রেস্টের পেছনে অর্থ খরচ না করে দলের কাজে অর্থ ব্যয়ের পরামর্শ দিই।’
আ স ম ফিরোজ অভিযোগ করেন, গণমাধ্যমগুলো যা বলেছে, তিনি আদৌ সেভাবে বলেননি। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘পত্রিকা দুটি ছবি দিয়ে আমার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছে। আমাকে ঋণখেলাপি হিসেবে প্রচার করেছে। কিন্তু আমার চরিত্র “ড্যামেজ” করতে পারেনি।’
প্রতিবাদপত্রে যা বলা হয়েছে: গতকাল প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপপরিচালক মো. নুরুল হুদার সই করা একটি প্রতিবাদপত্র প্রথম আলোর প্রধান কার্যালয়ে পাঠানো হয়। এতে দাবি করা হয়, সংবর্ধনায় চিফ হুইপের দেওয়া বক্তব্যের খবরটি তথ্যভিত্তিক নয় এবং এটি যথাযথভাবে প্রকাশিত হয়নি। প্রকৃতপক্ষে তিনি বলেছেন, ‘আপনারা আমাকে ভালোবাসেন, সে জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এটি খুবই আনন্দের। কিন্তু ফুলের পাশাপাশি এত টাকা খরচ করে ক্রেস্ট না বানিয়ে, সে টাকা দিয়ে দলের জন্য কাজ করেন। তাতে দলের কল্যাণ হবে এবং দল শক্তিশালী হবে।’
বাউফলে চিফ হুইপ যা বলেছিলেন: শুক্রবার বাউফল উপজেলা সদরের সরকারি পাবলিক মাঠের সংবর্ধনা অনুষ্ঠানে চিফ হুইপ বলেছিলেন, ‘আগামীকাল (শনিবার) দলীয় কার্যালয়ে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বসব। যদি কেউর উপঢৌকন দেওয়ার ইচ্ছা থাকে, তবে আর এই ক্রেস্ট না। ক্যাশ চাই, ক্যাশ চাই।’ তিনি বলেছিলেন, ‘বোঝেন নাই? নির্বাচন করতে গেলে অনেক লাগে। কাজেই ক্যাশ দিয়েন, খুব ভালো হইবে। কাল (শনিবার) দেখা হবে সবার সঙ্গে। আজ আর কোনো ক্রেস্ট নেব না। সমস্ত ক্রেস্ট আমি পরে নেব।’
সংবর্ধনা অনুষ্ঠানটি স্থানীয় কেব্ল অপারেটরের মাধ্যমে শহরে সম্প্রচার করা হয়। প্রথম আলোর কাছে এর ভিডিও আছে।
ফিরোজের বক্তব্যকে সংবিধানবিরোধী বলেছে টিআইবি: বাউফলে আ স ম ফিরোজের বক্তব্যকে গণতন্ত্র ও সুশাসনের জন্য অশনিসংকেত চিহ্নিত করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি। একই সঙ্গে এরূপ লাগামহীন দুর্নীতির সহায়ক অবস্থান সংসদে চিফ হুইপের পদের মর্যাদার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তা বিবেচনার জন্য সংসদ নেতা ও স্পিকারের প্রতিও আহ্বান জানিয়েছে টিআইবি। এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্পিকার এবং জাতীয় সংসদ কী পদক্ষেপ নেয়, তা দেশবাসীকে জানানোরও আহ্বান জানানো হয়।
গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংবর্ধনার জন্য উপঢৌকন হিসেবে ক্রেস্টের পরিবর্তে নগদ অর্থ দেওয়ার জন্য জাতীয় সংসদের একজন দায়িত্বশীল ব্যক্তির প্রকাশ্য জনসভায় এ ধরনের নজিরবিহীন বক্তব্য প্রধানমন্ত্রীর দুর্নীতি নির্মূলের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। একইভাবে প্রকাশ্যে টাকা চাওয়া দুর্নীতিরই নামান্তর, যা অন্য দুর্নীতিবাজদের উৎসাহিত করবে। সংবিধানের ২০(২) অনুচ্ছেদ অনুযায়ী, অনুপার্জিত আয়কে পরিষ্কারভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের সদস্য, এমনকি চিফ হুইপ পদে আসীন একজন ব্যক্তি প্রকাশ্যে অবৈধভাবে অর্থ উপার্জনের ঘোষণা দিয়ে শুধু দুর্নীতি-সহায়ক অবস্থানই নেননি, বরং সংবিধান লঙ্ঘন করেছেন।