চিফ হুইপের ওপর হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ
নোয়াখালীর সেনবাগের সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলা-নির্যাতনের প্রতিবাদে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁর নির্বাচনী এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেনবাগের ছমিরমুন্সীরহাট বাজারে বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর। অন্যান্যের মধ্যে নোয়াখালী শহর বিএনপির সহসভাপতি সহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সেনবাগ পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক, সাধারণ সম্পাদক ফারুক বাবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাহাবউদ্দিন রাশেল প্রমুখ বক্তৃতা করেন।সমাবেশস্থল ছমিরমুন্সীরহাট বাজারের কাছেই চিফ হুইপ ফারুকের গ্রামের বাড়ি। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই ওই বাজারটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।