চিফ হুইপের কারখানায় ডাকাতির ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বিজি কালেকশন নামের একটি পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোনাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে ডাকাতির ঘটনায় পুলিশ ওই কারখানার নিরাপত্তাকর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করে।জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম বলেন, গত রোববার রাতে রেজাউল করিমের সহায়তায় কোনাবাড়ী এলাকার একটি গুদাম থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ কাপড় উদ্ধার করা হয়। এ সময় হঠাৎ করেই রেজাউল উধাও হয়ে যান। পরে ওই গুদামের মালিক মিজানুর রহমানের সঙ্গে রেজাউলের গভীর সখ্য ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলে। পরের দিন সোমবার রাতে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীপুরের বানিয়ারচালা এলাকায় অবস্থিত বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের মালিকানাধীন ওই কারখানায় ডাকাতি হয়। ডাকাতেরা কারখানার কাপড়সহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে। ঘটনার পরদিন কারখানার পরিচালক মো. আসাদুজ্জামান বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।