চিফ হুইপের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা!’ শিরোনামে গতকাল রোববার প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের িচফ হুইপ আ স ম ফিরোজ৷ চিফ হুইপের একান্ত সচিব মুহাম্মদ শাহাদত খন্দকারের সই করা প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত সংবাদটি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত৷
প্রতিবাদলিপিতে দাবি করা হয়, প্রকাশিত সংবাদে চিফ হুইপের দাপ্তরিক কাজে ব্যবহৃত অফিস কক্ষগুলোকেও বাসা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত৷ জাতীয় সংসদসংলগ্ন পুরোনো সংসদ সদস্য ভবনে দুটি বাসা চিফ হুইপের দখলে আছে বলে যে তথ্য ছাপা হয়েছে, এর একটি হচ্ছে দুই নম্বর ব্লকের ১/৭ নম্বর কক্ষ৷ কিন্তু এটি আদৌ বাসা নয়, অফিস কক্ষ৷ দুই নম্বর ব্লকের ১৭ নং সম্পর্কে যা বলা হয়েছে, তা-ও সঠিক নয়৷ নবম সংসদে তাঁর নামে ওই কক্ষটি বরাদ্দ থাকলেও দশম সংসদে কক্ষটি অন্য একজন সাংসদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে৷
প্রতিবাদে বলা হয়, জাতীয় সংসদের নিরাপত্তার কথা বিবেচনা করে নিয়মনীতির মধ্য থেকেই অন্য সাংসদদের মতো চিফ হুইপও তাঁর নির্বাচনী এলাকা থেকে আগত জনগণের সঙ্গে সাক্ষাতের জন্য সংসদের বাইরের অফিসকক্ষটি ব্যবহার করেন৷ ‘পুরোনো সংসদ সদস্য ভবনের তিন নম্বর ব্লকের এলডি হলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবেও আ স ম ফিরোজের আরেকটি দপ্তর আছে’ বলে প্রতিবেদনে এসেছে৷ প্রকৃতপক্ষে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথভাবে ব্যবহারের জন্য সেখানে একটি কক্ষ রয়েছে, যা বাসা বা দাপ্তরিক অফিস নয়৷ শুধু ক্লাব-সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়৷
মানিক মিয়া অ্যাভিনিউর চার নম্বর ভবনের ৮০৪ নম্বর ফ্ল্যাটটি নিয়ন্ত্রণে রাখার যে কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য৷ এই ফ্ল্যাটের কোনো বরাদ্দ চিফ হুইপ নেননি কিংবা তাঁর কোনো লোকও সেখানে থাকেন না৷
নাখালপাড়ার পুরাতন সংসদ সদস্য ভবনের ২-৩টি কক্ষ চিফ হুইপের লোকজনের ব্যবহার করার কথা বলা হয়েছে৷ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপদের ‘প্রিভেলেজ’ কর্মচারীদের জন্য নির্দিষ্ট সংখ্যায় কক্ষ সংরক্ষিত আছে৷ প্রচলিত নিয়মনীতি অনুসারেই চিফ হুইপের প্রিভেলেজ কর্মচারীরা সেখানে বসবাস করছেন৷
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনের সব তথ্যই সত্য৷ চিফ হুইপের নিয়ন্ত্রণে থাকা এসব বাসায় বসবাসকারী এবং এর তত্ত্বাবধায়নে থাকা সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়৷
প্রথম আলোর প্রতিবেদনে নাখালপাড়ার পুরাতন সংসদ সদস্য ভবনের পাঁচটি কক্ষ ও ন্যাম ভবনের একটি (২০১ নম্বর) ফ্ল্যাট চিফ হুইপের নামে সংরক্ষিত রাখার কথা বলা হয়৷ ২০১ নম্বর ফ্ল্যাটে তাঁর বন্ধু মৃণাল কান্তি ঘোষ, আর পুরাতন এমপি হোস্টেল ভবনে দুই কক্ষের (৮৪ ও ৮৫ নম্বর) একটি বাসায় চিফ হুইপের শ্যালক মোহাম্মদ খায়রুল, দুই কক্ষের আরেকটি বাসায় (৬৬ ও ৬৭ নম্বর) ব্যক্তিগত সহকারী মো. আনিসুল হক ও এক কক্ষের একটি বাসায় (১১ নম্বর) তাঁর দপ্তরের গাড়িচালক মো. ইউনূছ থাকেন৷ কিন্তু প্রতিবাদলিপিতে তাঁর শ্যালক ও বন্ধু কোন নিয়মনীতি অনুযায়ী থাকছেন, সে বিষয়ে কিছু বলেননি৷ যদিও আ স ম ফিরোজের সভাপতিত্বে দশম সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, সাংসদদের জন্য বরাদ্দ দেওয়া বাসায় তাঁর পরিবারের সদস্য ছাড়া বাইরের কেউ থাকতে পারবে না।
এ ছাড়া চিফ হুইপের কতসংখ্যক প্রিভিলেজ কর্মচারী কক্ষ পাবেন, প্রতিবাদলিপিতে তা উল্লেখ করা হয়নি৷ তবে কিন্তু এ কোটায় তিনি পাঁচটি কক্ষ দখলে রেখেছেন৷
জাতীয় সংসদসংলগ্ন পুরোনো সংসদ সদস্য ভবনের এক নম্বর ব্লকের ১৭ নম্বর কক্ষ ও দুই নম্বর ব্লকের ১/৭ নম্বর কক্ষকে অফিস না বলে প্রতিবেদনে বাসা বলায় আপত্তি করেছেন চিফ হুইপ৷ এ বিষয়ে অামাদের বক্তব্য হচ্ছে, প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ আছে, ন্যাম ভবন নির্মাণের আগে সংসদ সদস্যরা এসব বাসায় থাকতেন৷ বর্তমানে সাংসদেরা বরাদ্দ নিয়ে কার্যালয় হিসেবে ব্যবহার করছেন৷ তাই, এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই৷
চিফ হুইফ বলেছেন, নবম সংসদে তাঁর নামে ১৭ নম্বর কক্ষটি বরাদ্দ থাকলেও দশম সংসদে কুড়িগ্রাম-৪ অাসনের সাংসদকে বরাদ্দ দেওয়া হয়েছে৷ সংশ্লিষ্ট একজন কর্মচারী জানিয়েছেন, দশম সংসদ শুরুর পরও ১৭ নম্বর কক্ষটি চিফ হুইপ ব্যবহার করেছেন৷ গত ১১ মে তিনি ১/৭ নম্বর কক্ষে ওঠেন৷ এ কক্ষে যে চিফ হুইপ তাঁর নির্বাচনী এলাকার লোকজনদের সাক্ষাৎ দেন তাও প্রতিবেদনে উল্লেখ আছে৷ ১৭ নম্বর কক্ষটি এখনো তালা মারা আছে৷
মানিক মিয়া অ্যাভিনিউর চার নম্বর ভবনের ৮০৪ নম্বর ফ্ল্যাট চিফ হুইপ বরাদ্দ নিয়েছেন বা সেখানে তাঁর কোনো লোকজন থাকেন—এমন তথ্য প্রথম আলোর প্রতিবেদনে ছিল না৷ ফ্ল্যাটটি চিফ হুইপের নিয়ন্ত্রণে আছে বলে উল্লেখ ছিল৷ এ বিষয়ে ওই ভবনের ফ্ল্যাট পরিচালকের বক্তব্যও ছাপা হয়েছে৷ আর চার নম্বর ভবনে ২৮টি ফ্ল্যাট আছে৷ এর মধ্যে কেবল ওই ৮০৪ নম্বর ফ্ল্যাটই খালি, যা তালাবদ্ধ আছে৷
সংসদে চিফ হুইপের ব্যাখা: গতকাল জাতীয় সংসদে অধিবেশনে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংসদের চিফ হুইপ৷ তিনি বলেন, ‘প্রথম আলোতে আজ “এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা” শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছে। এতে আমি দুঃখিত, লজ্জিত ও ব্যথিত। প্রথম আলো, ডেইলি স্টার ও যুগান্তর নির্বাচনের আগে থেকেই আমার সম্পর্কে লিখে যাচ্ছে। এর পরও লিখেছে। কিন্তু কিছুই প্রমাণ করতে পারেনি। এখনো লিখে যাচ্ছে৷’